
ওসমানীনগর (সিলেট) সংবাদদাতাঃ
সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়নের রবিদাস গ্রামে মেসাস হামিয়া ডেইরি ফার্মে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানাগেছে।
গত ২ জুলাই রাত ৩ টায় এ ঘটনা ঘটেছে বলে ধারনা করা হচ্ছে। এতে ফার্মে থাকা খড় ও টিনের চাল পুড়ে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। যদিও ঘরে থাকা তিনটি গবাদিপশু অক্ষত রয়েছে।
ফার্মের মালিক নাহিদুর রহমান মিসবাহ (৩২), পিতা-চমক আলী, বলেন, “এই ঘটনার পিছনে পূর্বের জমি-জমা সংক্রান্ত বিরোধ এর জের। এদিকে গত ২৯ জুন দুপুর ১টায় তার সঙ্গে আপন চাচাতো ভাই আলমগীর (৪৫), পিতা-মৃত মোফসির এর সঙ্গে জমি নিয়ে বিরোধের জেরে মারামারি হয়। পরদিন ৩০ জুন সকাল ১০টায় আলমগীর গং দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মিসবাহর বসতবাড়িতে হামলা চালায়। এতে বাড়ি ঘরের আংশিক ক্ষয়ক্ষতি হয়।
এ ঘটনায় মিসবাহ বাদী হয়ে ওসমানীনগর থানায় একটি অভিযোগ দাখিল করেন। থানায় মামলা নং-০১/২০২৫, ধারা- ১৪৩/৪৪৭/৩২৩/৩২৪/৩০৭/৩৭৯/৪২৭/৫০৬ পেনাল কোড অনুসারে মামলা রুজু করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা (আই/ও) রাতেই আসামী ধরতে অভিযান চালান, তবে কাউকে গ্রেপ্তার করতে পারেননি।
মিসবাহ ও তার পরিবার দাবি করছেন, আগুন লাগানোর পেছনে পূর্ব বিরোধের জেরে আলমগীর গং জড়িত থাকতে পারে। তবে পুলিশ এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।