
নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শোবার ঘরে খাটের নিচে লুকিয়ে ছিল বিশালদেহী অজগর সাপ। ঘুমানোর সময় খাটের নিচে শব্দ শোনে পরিবারের এক সদস্য দেখতে পান খাটের নিচে বিশালদেহী অজগর সাপ।
ঘরের ভিতর সাপ দেখে বাড়ির লোকজন আতঙ্কিত হয়ে পড়েন।
পরে সাপটিকে উদ্ধারের জন্য স্থানীয় প্রলাদ বাবু নামের এক ব্যক্তি শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে ফোন করলে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ওই বাড়িতে গিয়ে সাপটিকে নিরাপদে উদ্ধার করেন।
শনিবার (১৮ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে শ্রীমঙ্গল উপজেলার ইছবপুর গ্রামের ডেকোরেটার্স ব্যবসায়ী মরহুম হারুন মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
সাপ ঘরের ভিতরে ঢোকার খবর ছড়িয়ে পড়লে প্রতিবেশী উৎসুক জনতা হারুন মিয়ার বাড়িতে ভীড় জমান।
বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, উদ্ধার করা অজগরটির দৈর্ঘ্য প্রায় ১৬ ফুট এবং ওজন প্রায় ২৬ কেজি।
রাতেই সাপটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।
সাম্প্রতিক সময়ে বাসা-বাড়িতে ও আশপাশের এলাকায় সাপের উপস্থিতি বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বাড়ছে। এ পরিস্থিতিতে সাপ দেখলে আতঙ্কিত না হয়ে নিরাপদ দূরত্ব বজায় রেখে দ্রুত ফাউন্ডেশন বা সংশ্লিষ্ট বন বিভাগের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ।