
দুই রাতেই ৮ মন্দিরে চুরি, আতঙ্কে শ্রীমঙ্গল
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মাত্র দুই রাতের ব্যবধানে আটটি মন্দির ও ঠাকুরঘরে চুরির ঘটনায় এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে। চোরের দল তালা ভেঙে মন্দির ও ঠাকুরঘরে প্রবেশ করে প্রণামি বাক্স ভেঙে নগদ টাকা, পিতলের মূর্তি এবং পূজায় ব্যবহৃত পিতল-কাঁসার বাসনপত্র নিয়ে গেছে।
শনিবার রাতে উপজেলার ভুনবীর ইউনিয়নের শাসন গ্রামে চারটি স্থানে চুরি হয়। এগুলো হলো—শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ মন্দির, শ্রী মানবেন্দ্র ভট্টাচার্যের বাড়ির ঠাকুরঘর, নারায়ণ ভট্টাচার্যের বাড়ির ঠাকুরঘর ও সুধা ভট্টাচার্যের বাড়ির ঠাকুরঘর।
এর আগে বৃহস্পতিবার রাতে একই ইউনিয়নের ভীমসী গ্রামে আরও চারটি মন্দিরে চুরি হয়। সেগুলো হলো—মদনমোহন জিউর আখড়া, সুভাষ রায়ের বাড়ির লক্ষ্মীনারায়ণ মন্দির, সজল দাসের বাড়ির মন্দির এবং পালা পাড়ার ভীমসী শ্মশান কালীমন্দির।
স্থানীয়দের অভিযোগ, পরপর কয়েকটি মন্দিরে চুরির ঘটনায় এলাকায় উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দ্রুত চোরদের শনাক্ত করে গ্রেপ্তার এবং চুরি যাওয়া মালামাল উদ্ধারের দাবি জানিয়েছেন তারা।
শ্রীমঙ্গল থানার পরিদর্শক (তদন্ত) মো. আবদুল রাজ্জাক বলেন, চুরির ঘটনায় জড়িতদের গ্রেপ্তার এবং চুরি যাওয়া মালামাল উদ্ধারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।