
সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জনসেবা : বিভাগীয় কমিশনার
সিলেট প্রতিনিধি :
সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান বলেছেন, “সাংবাদিকতা শুধু একটি পেশা নয়, এটি জনসেবার অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। সাংবাদিকরা নিজ নিজ অবস্থান থেকে মানুষের কল্যাণে কাজ করেন।”
তিনি বলেন, “আমরা প্রতিদিন ঘুম থেকে উঠেই অনলাইনে সংবাদ দেখি। সময়ের সঙ্গে তাল মিলিয়ে আপডেট থাকতে হলে অনলাইন সংবাদমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই অনলাইন সাংবাদিকদের দায়িত্ব হচ্ছে বস্তুনিষ্ঠ, নির্ভুল ও দায়িত্বশীল সংবাদ পরিবেশন করা। সত্য ও ন্যায়ের পক্ষে সাংবাদিকদের অবিচল অবস্থান সমাজ ও রাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
সোমবার (২৭ জুলাই) বিকেলে সিলেট অনলাইন প্রেসক্লাবের ড. রাগীব আলী মিলনায়তনে আয়োজিত সিলেট অনলাইন প্রেসক্লাব–ইকরা ট্রাভেলস অ্যান্ড ট্যুরস বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান ও নতুন সদস্যদের পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিভাগীয় কমিশনার আরও বলেন, “জীবনে চলার পথে খেলাধুলা ও বিনোদনের প্রয়োজন রয়েছে। খেলাধুলা মানুষের মধ্যে দলগত চেতনা গড়ে তোলে, পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করে এবং কর্মস্পৃহা বৃদ্ধি করে।” এ সময় তিনি সিলেট অনলাইন প্রেসক্লাবের নতুন সদস্যদের অভিনন্দন জানান।
সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলাল-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদার।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবেদ সাদেক এবং সিলেট অনলাইন প্রেসক্লাবের জীবন সদস্য আফতাব চৌধুরী।
পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবেদ সাদেক বলেন, “৫ আগস্টের পর অনলাইন গণমাধ্যম জনগণের মুখপাত্র হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তবে দুঃখজনকভাবে কিছু তথাকথিত সামাজিক যোগাযোগমাধ্যম পেজের অ্যাডমিন সমাজে নেতিবাচক প্রভাব ফেলছেন। আমরা আশা করি, সিলেট অনলাইন প্রেসক্লাব এ ধরনের অপতৎপরতার বিরুদ্ধে কার্যকর ভূমিকা রাখবে।”
ক্লাব সদস্য নুরুল আলম আলমাস-এর পবিত্র কোরআন তেলাওয়াত এবং জনি কান্ত শর্মা-র গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। স্বাগত বক্তব্য দেন ক্লাবের সহ-সভাপতি জহিরুল ইসলাম মিশু এবং ক্রীড়া ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক তারেক আহমদ খান।