স্টাফ রিপোর্টারঃ
শিক্ষামন্ত্রীর অবিলম্বে পদত্যাগের দাবিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গল সরকারি কলেজসহ বিভিন্ন কলেজের সাধারণ শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ পালন করেছেন।
বুধবার (১৫ জুলাই) দুপুর ১টা ৩০ মিনিটে শ্রীমঙ্গল চৌমুহনায় শ্রীমঙ্গল সরকারি কলেজসহ বিভিন্ন কলেজের সাধারণ শিক্ষার্থীরা একত্রিত হয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি শুরু করেন। কর্মসূচি চলাকালে তারা বিভিন্ন স্লোগান দেন এবং তাদের দাবির প্রতি সংহতি প্রকাশ করেন ছাত্ররা। নিউজ লেখা পর্যন্ত টানা প্রায় দেড় ঘণ্টা আন্দোলন অব্যাহত ছিল।
আন্দোলনের কারণে শ্রীমঙ্গল চৌমুহনা ও আশপাশের সড়কে যান চলাচল ব্যাহত হয়। এতে শত শত যানবাহন দীর্ঘ সময় সড়কের বিভিন্ন স্থানে আটকে পড়ে এবং যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। তবে পরিস্থিতি শান্তিপূর্ণ ছিল।
কর্মসূচিতে অংশ নেওয়া সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে এক শিক্ষার্থী বলেন, “শিক্ষামন্ত্রীর তথাকথিত ক্ষমা প্রার্থনাকে আমরা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছি।
শিক্ষার্থীদের ন্যায্য দাবি, অনুভূতি ও মর্যাদার প্রতি অবহেলা করে দেওয়া এই ক্ষমা প্রার্থনা আমাদের কাছে কেবলই একটি প্রহসন।”
তিনি আরও বলেন, “শিক্ষা ব্যবস্থার মর্যাদা রক্ষা, শিক্ষার্থীদের প্রতি সম্মান প্রদর্শন এবং সাম্প্রতিক বিতর্কের নৈতিক দায় স্বীকার করে শিক্ষামন্ত্রীর অবিলম্বে পদত্যাগই এখন সময়ের একমাত্র দাবি।”
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রয়োজন হলে তারা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন। একই সঙ্গে তারা প্রধানমন্ত্রীর প্রতি দ্রুত তাদের দাবির বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।