
শ্রীমঙ্গলে সাউথ লন্ডন ফাউন্ডেশনের উদ্যোগে ২০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ
স্টাফ রিপোর্টারঃ

শ্রীমঙ্গলে অসহায় ও নিম্ন আয়ের মানুষের মুখে হাসি ফোটাতে মানবিক সংগঠন সাউথ লন্ডন ফাউন্ডেশন এর উদ্যোগে ২০০ পরিবারের মাঝে ঈদ উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৫ মে) বিকাল ৩টায় শ্রীমঙ্গল ৩নং সদর ইউনিয়ন শাহজিবাজার উত্তরসুর কুলচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ ঈদ উপহার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এসময় প্রত্যেক পরিবারের মাঝে ১০ কেজি করে ২০০০ কেজি চাল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির কোষাধ্যক্ষ আব্দুল বাছিত, আলফাছ উদ্দিন, সিদ্দিকুর রহমান বকুল, সেলিম আহমেদ, সবুজ আহমেদ, মোঃ আলী হোসেন, কামাল হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে মহিউদ্দিন ঝাড়ু বলেন,
“সমাজের বিত্তবান ও প্রবাসীদের এ ধরনের মানবিক উদ্যোগ অসহায় মানুষের জন্য অনেক বড় সহায়তা।
ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নেওয়াই আমাদের দায়িত্ব। সাউথ লন্ডন ফাউন্ডেশন যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। ভবিষ্যতেও তারা এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে বলে আমি আশা করি।”

বক্তারা বলেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে প্রবাসীদের এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। তারা সাউথ লন্ডন ফাউন্ডেশনের এই কার্যক্রমকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন শের আলী, সিফত, মেহেদী, রমজান ও তারেক। সমন্বয়কের দায়িত্ব পালন করেন সাউথ লন্ডন ফাউন্ডেশনের আলফাজ উদ্দিন।
সাউথ লন্ডন ফাউন্ডেশনের সভাপতি লন্ডন প্রবাসী মোহিন আহমেদ চৌধুরী বলেন, “মানবতার কল্যাণে কাজ করাই আমাদের মূল উদ্দেশ্য। অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পারলেই আমাদের এই উদ্যোগ সফল হবে। ভবিষ্যতেও আমরা মানুষের পাশে থাকতে চাই।”
সংগঠনের সাধারণ সম্পাদক লন্ডন প্রবাসী সাজন মিয়া বলেন,
“ঈদের আনন্দ যেন কোনো পরিবার থেকে হারিয়ে না যায়, সেই ভাবনা থেকেই আমাদের এই আয়োজন। প্রবাসে থেকেও দেশের মানুষের জন্য কাজ করতে পারা আমাদের জন্য গর্বের বিষয়।”
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ সাউথ লন্ডন ফাউন্ডেশনের মানবিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন এবং সংগঠনের উত্তরোত্তর সফলতা কামনা করেন।