
ঝলক দত্ত, শ্রীমঙ্গল প্রতিনিধি:
শ্রীমঙ্গল ফুটবল রেফারিজ এসোসিয়েশনের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ মে) সন্ধ্যা ৭টায় শ্রীমঙ্গল পানসী রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে আয়োজিত এ সভায় উপজেলার ক্রীড়াঙ্গনের বিভিন্ন ব্যক্তিবর্গ, সাবেক খেলোয়াড়, রেফারি ও ক্রীড়া সংগঠকরা উপস্থিত ছিলেন।
সভায় সিনিয়র রেফারি মোঃ সিরাজুল ইসলাম সেলুর সভাপতিত্বে আগামী দুই বছরের জন্য ২ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ ও ৬ সদস্যের কার্যকরী কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মিজানুর রহমান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ আবুল কাশেম।
কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি সুদর্শন দাশ, সহ-সাধারণ সম্পাদক মোঃ রুমিম মিয়া, কোষাধ্যক্ষ কাঞ্চন গৌড় এবং সাংগঠনিক সম্পাদক মোঃ জিল্লুর রহমান।
দুইজন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন সজল কান্তি দেব ও মোঃ সিরাজুল ইসলাম সেলু।
সভায় উপস্থিত ছিলেন সাবেক খেলোয়াড় আলতাফ হোসেন মোর্শেদ, কাজী জাহেদ আহমদ মনি, ক্রীড়া সংগঠক তুহিন আহমেদ, শ্রীমঙ্গল উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোবারক হাসান লোপ্পা, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য মীর এম এ কালাম, কমলগঞ্জ রেফারি সমিতির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, ভৈরববাজার ফুটবল একাডেমির কোচ সালেহ আহমদ, শ্রীমঙ্গল সাবেক খেলোয়াড় ফুয়াদ হোসেন চৌধুরী (সাজিম), কমলগঞ্জ রেফারি সমিতির কোষাধ্যক্ষ উত্তম দেব ও বিশিষ্ট ব্যবসায়ী শাহাদাত হোসেনসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের রেফারি ও ক্রীড়ানুরাগীরা।
সভায় বক্তারা বলেন, ফুটবলের সুষ্ঠু পরিচালনা ও দক্ষ রেফারি তৈরিতে এই সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে শ্রীমঙ্গলের ক্রীড়াঙ্গনকে আরও গতিশীল ও সমৃদ্ধ করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।