
সিলেটে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ খারিজের দাবি
স্টাফ রিপোর্টার, সিলেট:
সিলেটে সাংবাদিক জহুরুল ইসলাম ও তার ভাই জয়নাল আবেদীনের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা অভিযোগ খারিজের দাবিতে জেলা পুলিশ সুপারের কাছে লিখিত আবেদন করা হয়েছে। বুধবার (৮ এপ্রিল) দুপুরে সিলেট জেলা পুলিশ সুপার কার্যালয়ে এ অভিযোগ দাখিল করা হয়। অভিযোগের ডকেট নম্বর- ২০৪২।
অভিযোগে উল্লেখ করা হয়, গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের তুরুগাঁও গ্রামের আব্দুস সোবহানের ছেলে জাকির হোসেন (৫৩) সম্প্রতি গোলাপগঞ্জ মডেল থানায় একটি ভিত্তিহীন অভিযোগ দায়ের করেন। স্থানীয়দের ভাষ্যমতে, জাকির হোসেন এলাকায় ভূমিখেকো ও পরিবেশ ধ্বংসকারী হিসেবে পরিচিত। তিনি দীর্ঘদিন ধরে পাহাড়-টিলা কেটে মাটি বিক্রি ও কৃষিজমি বিনষ্ট করার অভিযোগে অভিযুক্ত।
লিখিত অভিযোগে আরও বলা হয়, গত ১৫ ফেব্রুয়ারি রাতে লালনগর মাদরাসার পেছনের একটি কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার সময় প্রশাসনের নজরে পড়ে বিষয়টি। পরে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ তাৎক্ষণিকভাবে ওই কার্যক্রম বন্ধ করে দেয়।
এই ঘটনাসহ বিভিন্ন অনিয়মের তথ্য নিয়ে সাংবাদিক জহুরুল ইসলাম তার সম্পাদিত সাপ্তাহিক হলি সিলেট পত্রিকার লাইভ প্ল্যাটফর্মে সংবাদ প্রচার করেন। এতে ক্ষিপ্ত হয়ে জাকির হোসেন সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করেন বলে অভিযোগে দাবি করা হয়।
এছাড়া অভিযোগে উল্লেখ করা হয়, জাকির হোসেন স্থানীয়ভাবে রাজনৈতিক প্রভাব খাটিয়ে বেআইনি সুবিধা আদায়ের চেষ্টা করেন এবং সাংবাদিকের বিরুদ্ধে বিভিন্ন মাধ্যমে অপপ্রচার চালান।
সাংবাদিক জহুরুল ইসলাম তার আবেদনে বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে দায়েরকৃত অভিযোগটি খারিজ এবং অভিযুক্ত জাকির হোসেনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জেলা পুলিশ সুপারের প্রতি জোর দাবি জানান।