
শ্রীমঙ্গলে তেল মজুদে যৌথবাহিনীর অভিযান: সচেতনতা বৃদ্ধিতে ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা
স্টাফ রিপোর্টার, শ্রীমঙ্গল:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরে ভোজ্য তেল মজুদের অভিযোগে যৌথবাহিনীর অভিযানে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তাকে ভবিষ্যতে নিয়ম মেনে ব্যবসা পরিচালনার জন্য সতর্ক করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে শহরের সেন্ট্রাল রোড এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. মুহিবুল্লাহ আকন। এ সময় র্যাব-৯ ও বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা যৌথভাবে অংশগ্রহণ করেন।
অভিযান চলাকালে তোফায়েল ট্রেডার্স নামক প্রতিষ্ঠানে প্রায় সাড়ে আট হাজার লিটার সোয়াবিন তেল সংরক্ষণের তথ্য পাওয়া যায়।
বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি ও মূল্য বৃদ্ধি প্রতিরোধে ভোক্তা অধিকার সংক্রান্ত বিধান অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন, আব্দুল বাছিত, প্রচার সম্পাদক ফারুক মিয়া, জাকির মিয়া, প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ সেন্ট্রাল রোডের ব্যবসায়ীরা।
অভিযানকালে সংশ্লিষ্ট ব্যবসায়ী তার ত্রুটির বিষয়টি স্বীকার করে বলেন, “গতকাল রাতে আমি এক গাড়ি সোয়াবিন তেল এনেছি। এটি মজুদ করার উদ্দেশ্যে নয়, শনিবার বাজারে পাইকারি বিক্রির জন্য আনা হয়েছে। এক গাড়ির কম আনলে দাম বেশি পড়ে, তাই একসাথে এনেছি।”
পরে তিনি ভবিষ্যতে এ ধরনের ভুল আর হবে না বলে প্রশাসনকে আশ্বস্ত করেন।

অভিযান সংশ্লিষ্টরা জানান, বাজার ব্যবস্থাকে স্বাভাবিক রাখা, কৃত্রিম সংকট প্রতিরোধ এবং ব্যবসায়ীদের আইন মেনে চলতে উদ্বুদ্ধ করার লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি সকল ব্যবসায়ীকে সঠিক নিয়মে পণ্য সংরক্ষণ ও বিক্রির আহ্বান জানানো হয়েছে।