
শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে ছাত্রলীগ নেতা সহ ৯ জন গ্রেফতার
স্টাফ রিপোর্টারঃ
মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশ থানা এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলা ছাত্রলীগের সহসভাপতি আইবুর রহমান আকাশসহ মোট ৯ (নয়) জন আসামিকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আইবুর রহমান আকাশ (পিতা: মোঃ দুলাল মিয়া, মাতা: আফরোজা বেগম) শ্রীমঙ্গল পৌরসভার শ্যামলী আবাসিক এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন এবং তার বিরুদ্ধে একাধিক মামলা ও গ্রেফতারি পরোয়ানা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাকে তার নিজ বাসা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়।
এদিকে, একই অভিযানে থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিভিন্ন মামলা ও অভিযোগে আরও ৮ জন আসামিকে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এসব আসামিরা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
শ্রীমঙ্গল থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত সকল আসামিকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।