
কমলগঞ্জে নারী অপহরণের চেষ্টা: তিনজন গ্রেফতার, প্রাইভেটকার জব্দ
মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় এক নারীকে অপহরণের চেষ্টার ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় অপহরণের কাজে ব্যবহৃত একটি সাদা রঙের প্রাইভেটকারও জব্দ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, সংঘবদ্ধ এই চক্রটি দীর্ঘদিন ধরে সিলেট অঞ্চলে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত।
গ্রেফতারকৃতরা হলেন—মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শ্রীপুর (নাছিরাবাদ) গ্রামের মতছির আলীর ছেলে মো. জাকির মিয়া (২৬), মৌলভীবাজার সদর উপজেলার সৈয়ারপুর এলাকার আব্দুর রহমানের ছেলে মো. কাওছার আহমদ (৩৪) এবং সদর উপজেলার গুলবাগ (বেরিরচর) এলাকার নুর মিয়ার ছেলে জসিম মিয়া (৩৬)।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ মার্চ ২০২৬ তারিখ ভোর আনুমানিক ৬টা ৪০ মিনিটে কমলগঞ্জ উপজেলার ৫নং কমলগঞ্জ ইউনিয়নের দক্ষিণ বালিগাঁও গ্রামের বাসিন্দা বাপ্পি এরিকের মেয়ে ও মো. মাসুদ পারভেজের স্ত্রী ফাতেমা পারভেজ নিশি (২৯) শ্রীমঙ্গল যাওয়ার উদ্দেশ্যে কমলগঞ্জের বটতলা বাজারে অপেক্ষা করছিলেন। এ সময় একটি সাদা রঙের প্রাইভেটকার (ঢাকা মেট্রো-ক-০৩-৯৪৯৪) এসে তাকে শ্রীমঙ্গল যাবেন কিনা জিজ্ঞাসা করে। তিনি যেতে অস্বীকৃতি জানালে গাড়িটি বারবার তার সামনে-পেছনে ঘোরাফেরা করতে থাকে।
একপর্যায়ে ওই নারী বাড়ির দিকে হাঁটা শুরু করলে গাড়িটি তাকে অনুসরণ করে তার বাড়ির রাস্তায় ঢুকে পড়ে। পরে গাড়ি থেকে নেমে একজন তার মুখ চেপে ধরে প্রায় ১০–১২ হাত টেনে নিয়ে জোরপূর্বক গাড়িতে তুলে অপহরণের চেষ্টা চালায়। তবে সাহসিকতার সঙ্গে ধস্তাধস্তি করে তিনি তাদের হাত থেকে ছুটে পালিয়ে নিরাপদে চলে যেতে সক্ষম হন।
এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে কমলগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৭/৩০ ধারায় মামলা (মামলা নং-০৭, জিআর-১৯/২৬; তারিখ: ০৯ মার্চ ২০২৬) দায়ের করা হয়।
ঘটনার পর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা, পিপিএম এবং শ্রীমঙ্গল সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. ওয়াহিদুজ্জামান রাজুর নির্দেশনায় কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে একাধিক টিম তদন্ত শুরু করে। পুলিশ পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মিঠু রায়, এসআই আমির উদ্দিন, এসআই রনি তালুকদার এবং এএসআই হামিদুর রহমানসহ একটি দল সিসিটিভি ফুটেজ, তথ্যপ্রযুক্তি এবং ম্যানুয়াল সোর্সিং ব্যবহার করে অভিযান পরিচালনা করে।
তদন্তের একপর্যায়ে ১০ মার্চ ২০২৬ তারিখ সিলেট মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সিলেট নগরীর সোবহানীঘাট এলাকার আত্মা কমিউনিটি সেন্টারের ভেতর থেকে অপহরণের কাজে ব্যবহৃত সাদা রঙের প্রাইভেটকারটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ একটি অপরাধচক্রের সদস্য। রমজান মাসে ভোরের ফাঁকা রাস্তায় একা পেয়ে ওই নারীকে ধর্ষণের উদ্দেশ্যে অপহরণের চেষ্টা চালানো হয়েছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। তারা বিভিন্ন সস্তা হোটেলে অবস্থান করত এবং এই গাড়ি ব্যবহার করে সিলেট অঞ্চলে ঘুরে নানা ধরনের অপরাধ সংঘটিত করত।
সিডিএমএস যাচাই করে দেখা গেছে, গ্রেফতারকৃত জাকির, কাওছার ও জসিমের বিরুদ্ধে চুরি ও মাদক আইনে একাধিক মামলা রয়েছে। এছাড়া তাদের সহযোগী জাহাঙ্গীর (পলাতক)-এর বিরুদ্ধে ডাকাতিসহ তিনটি মামলা রয়েছে।
পুলিশ জানিয়েছে, পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা এবং মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।