
নিজস্ব প্রতিবেদক, শ্রীমঙ্গল:
পবিত্র মাহে রমজান উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ট্রাস্টের কো-অর্ডিনেটর সরফরাজ আহমেদ সরফু’র সৌজন্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সোমবার (৯ মার্চ) শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য হাজী মুজিব রমজানের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন এবং সামাজিক সেবামূলক কাজে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টের ভূমিকার প্রশংসা করেন। ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
ইফতার মাহফিলে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। আয়োজক সরফরাজ আহমেদ সরফু আমন্ত্রিত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামীতেও এ ধরনের মানবিক ও ধর্মীয় আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।