
কমলগঞ্জে পেট্রোলে মাপে কম: ভ্রাম্যমান আদালতের জরিমানা ৩৯ হাজার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারে পেট্রোল বিক্রির সময় লিটারে কম দেওয়ার অভিযোগে ভ্রাম্যমান আদালত চারটি প্রতিষ্ঠানকে মোট ৩৯ হাজার টাকা জরিমানা করেছে। সোমবার পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়।
জানা যায়, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে দেশে জ্বালানি তেলের সংকটের আশঙ্কায় কোথাও কোথাও তেল বিক্রি বন্ধ রাখা, সীমিত পরিমাণে বিক্রি করা এবং লিটারে কম দেওয়ার অভিযোগ ওঠে। বিশেষ করে মোটরসাইকেল চালকদের কাছে এক লিটার বা আধা লিটার করে পেট্রোল ও অকটেন বিক্রি করা হচ্ছিল।
এসব অভিযোগের ভিত্তিতে সোমবার কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ও ভানুগাছ বাজারে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে। মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবিদ হোসেন বিএসটিআই প্রতিনিধিকে সঙ্গে নিয়ে এ অভিযান পরিচালনা করেন।
অভিযানের সময় শমশেরনগর চৌমুহনায় কৈলাস প্রসাদ তেলীর দোকান প্রথমে বন্ধ পাওয়া যায়। পরে দোকান খোলার পর সেখানে পর্যাপ্ত জ্বালানি তেল মজুদ থাকতে দেখা যায়। লিটার মাপার যন্ত্র পরীক্ষা করে মাপে কম দেওয়ার সত্যতা পাওয়া গেলে ওই দোকানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া কমলগঞ্জ উপজেলার আরও তিনটি দোকানকে জরিমানা করা হয়। সব মিলিয়ে চারটি প্রতিষ্ঠানকে মোট ৩৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবিদ হোসেন বলেন, শমশেরনগরে কৈলাস প্রসাদ তেলীর দোকানে মাপে কম দেওয়ার প্রমাণ পাওয়া গেছে। ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।