
ভুরভুরিয়া খাল শুধু জলাধার নয়, এটি আমাদের কৃষি ও পরিবেশের প্রাণ, হাজী মুজিব এমপি
স্টাফ রিপোর্টারঃ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভুরভুরিয়া খাল রক্ষায় পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। রূপসপুর ও বালুচর সংলগ্ন জোড়া পুল এলাকায় প্রবাহমান খালে জমে থাকা পলিথিন ও প্লাস্টিক বর্জ্য অপসারণে এ কর্মসূচি হাতে নেওয়া হয়।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন ও শ্রীমঙ্গল পৌরসভা-এর যৌথ ব্যবস্থাপনায় আয়োজিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ মুজিবুর রহমান চৌধুরী।
উদ্বোধনী বক্তব্যে এমপি মুজিবুর রহমান চৌধুরী বলেন, “ভুরভুরিয়া খাল কেবল একটি জলাধার নয়; এটি এলাকার কৃষি, পরিবেশ ও জীববৈচিত্র্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। অপরিকল্পিতভাবে পলিথিন ও প্লাস্টিক বর্জ্য ফেলার ফলে খালের স্বাভাবিক পানি প্রবাহ ব্যাহত হচ্ছে। এর ফলে জলাবদ্ধতা ও পরিবেশ দূষণের মতো সমস্যা দেখা দিচ্ছে।” তিনি নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা ও জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং পরিবেশ রক্ষায় সকলের সম্মিলিত উদ্যোগ কামনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসলাম উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মহিবুল্লাহ (আকন), শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম মুন্না, পৌরসভার প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মহসিন মিয়া এবং শ্রীমঙ্গল উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা অভিযানে অংশ নেন।

কর্মসূচিতে খালের বিভিন্ন স্থানে জমে থাকা পলিথিন, প্লাস্টিক ও আবর্জনা অপসারণ করা হয়। আয়োজকরা জানান, পর্যায়ক্রমে খালের অন্যান্য অংশেও একই ধরনের অভিযান পরিচালনা করা হবে।
এলাকাবাসী আশা প্রকাশ করেন, এ উদ্যোগের মাধ্যমে ভুরভুরিয়া খালের স্বাভাবিক পানি প্রবাহ ফিরবে এবং পরিবেশ রক্ষায় স্থানীয়দের মধ্যে ইতিবাচক সচেতনতা বৃদ্ধি পাবে।