
স্কলারশিপে যুক্তরাজ্য যাচ্ছেন মাহদি, শ্রীমঙ্গল প্রেসক্লাবে বিদায় সংবর্ধনা
স্টাফ রিপোর্টারঃ
স্কলারশিপ নিয়ে উচ্চশিক্ষার উদ্দেশ্যে যুক্তরাজ্য গমন উপলক্ষে শ্রীমঙ্গল প্রেসক্লাবের সদস্য মামুন আহমেদের ছেলে ইফতেখার আহমেদ মাহদিকে বিদায় সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছে শ্রীমঙ্গল প্রেসক্লাব।
ইফতেখার আহমেদ মাহদি যুক্তরাজ্যের মর্যাদাপূর্ণ ইউনিভার্সিটি অব ওয়েস্টমিনস্টার (University of Westminster)-এ ডাটা সায়েন্স অ্যান্ড অ্যানালিটিক্স (Data Science and Analytics) বিষয়ে স্কলারশিপসহ ব্যাচেলর (অনার্স) কোর্সে অধ্যয়নের সুযোগ পেয়েছেন।
এর আগে তিনি মাধ্যমিক (এসএসসি) ও উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ অর্জন করেন। এছাড়া আইইএলটিএস (IELTS) পরীক্ষায় তিনি ৭.০ ব্যান্ড স্কোর লাভ করেন।

প্রেসক্লাব সদস্যের সন্তানের এমন গৌরবময় অর্জনে শ্রীমঙ্গল প্রেসক্লাবের সদস্যরা আনন্দ ও গর্ব প্রকাশ করেন।
বুধবার রাত ৯টায় শ্রীমঙ্গল প্রেসক্লাব কার্যালয়ে প্রেসক্লাবের আহ্বায়ক সৈয়দ সালাউদ্দিনের সভাপতিত্বে এবং সদস্য সচিব রুবেল আহমদের সঞ্চালনায় এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সিনিয়র সদস্য ইসমাইল মাহমুদ, সৈয়দ আমিরুজ্জামান, ছৈয়দ ছায়েদ আহমেদ, আব্দুর রব, মামুন আহমেদ, নূর মোহাম্মদ সাগর ও সুলতান মাহমুদ।
এছাড়া উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা ছাত্রদলের সহ-সভাপতি সাইফুর রহমান শিপু, ছাত্রনেতা সৈয়দ মুরশেদ ছালেহীন নাবিল, তাঈম আহমেদ এবং মাহদির সহপাঠীবৃন্দ।
আলোচনা সভা শেষে শ্রীমঙ্গল প্রেসক্লাবের পক্ষ থেকে ইফতেখার আহমেদ মাহদিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। একই সঙ্গে তার উজ্জ্বল ভবিষ্যৎ ও উচ্চশিক্ষা জীবনের সাফল্য কামনা করেন উপস্থিত সবাই।