
সমাজের উন্নয়নে সাংবাদিক ও প্রশাসনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এমপি মুজিবুর রহমান চৌধুরী
স্টাফ রিপোর্টার, শ্রীমঙ্গল:
মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী বলেছেন, সাংবাদিক ও প্রশাসনের সহযোগিতা ছাড়া কোনো উন্নয়ন কার্যক্রম সফল করা সম্ভব নয়। তিনি দলীয় নেতাকর্মীদের সাংবাদিক ও প্রশাসনের বিরুদ্ধে হয়রানিমূলক কর্মকাণ্ডে জড়িত না হওয়ার জন্যও কঠোর নির্দেশ দিয়েছেন।
সোমবার (১৩ এপ্রিল) শ্রীমঙ্গল শহরের পুরানবাজার এলাকায় প্রায় ১৪ কোটি ১০ লাখ টাকা ব্যয়ে সরকারি শিশু পরিবার (বালিকা) এর ট্রেনিং সেন্টার ও ডরমেটরি ভবনের নির্মাণকাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এমপি বলেন, “সমাজের উন্নয়নে সাংবাদিক ও প্রশাসনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তাদের সঙ্গে সমন্বয় রেখে কাজ করতে হবে।” তিনি সাংবাদিকদের উদ্দেশে আরও বলেন, যাচাই-বাছাই ছাড়া কোনো নেতিবাচক সংবাদ প্রকাশ না করতে, এতে অপ্রয়োজনীয় বিভ্রান্তি এড়ানো সম্ভব হবে।
শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সাংবাদিক এহসান বিন মুজাহিরের বিরুদ্ধে দায়ের করা মামলার বিষয়ে প্রশ্ন করা হলে এমপি জানান, বিষয়টি তার নজরে রয়েছে এবং বর্তমানে পর্যালোচনায় আছে। তিনি বলেন, দলের একজন নেতা আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করছেন এবং দ্রুত মীমাংসার উদ্যোগ নেওয়া হচ্ছে।
এছাড়া শ্রীমঙ্গল শহরের প্রস্তাবিত বাইপাস সড়ক প্রসঙ্গে তিনি বলেন, প্রকল্প বাস্তবায়নে প্রায় ৬০ একর জমি অধিগ্রহণ প্রয়োজন, যা কৃষিজমি হওয়ায় কিছু জটিলতা তৈরি হয়েছে। পাশাপাশি প্রায় ৩৫০ কোটি টাকার বাজেটও একটি বড় চ্যালেঞ্জ। তবে প্রকল্পটি দ্রুত একনেকে উপস্থাপনের জন্য প্রয়োজনীয় উদ্যোগ ও তদবির চলছে।

শ্রীমঙ্গল উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুয়েব আহমেদ জানান, প্রকল্পের আওতায় একটি পাঁচতলা ও একটি চারতলা ভবন নির্মাণ করা হবে। প্রকল্পটি বাস্তবায়ন করবে খুলনা শিপইয়ার্ড কোম্পানি এবং নির্মাণকাজ সম্পন্ন করবে ঠিকাদারি প্রতিষ্ঠান সিমেক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মুহিবুল্লাহ আকন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক হাবিবুর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক নুরে আলম সিদ্দিকী, উপজেলা আহ্বায়ক কমিটি সদস্য ইয়াকুব আলী, পৌর বিএনপি আহ্বায়ক মো. শামিম আহমেদ, উপজেলা যুবদলের সভাপতি মহি উদ্দিন জারু, শ্রীমঙ্গল প্রেসক্লাব যুগ্ম সাধারণ সম্পাদক পৌর আহ্বায়ক কমিটি সদস্য সৈয়দ সালাউদ্দিনসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং প্রশাসনের কর্মকর্তারা।