
শ্রীমঙ্গলে সাড়াশি অভিযানে ৫ আসামি গ্রেফতার
স্টাফ রিপোর্টার:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার পুলিশের সাড়াশি অভিযানে শাপলাবাগ এলাকা থেকে ৫ জন চিহ্নিত আসামিকে গ্রেফতার করা হয়েছে।
দীর্ঘদিন ধরে শাপলাবাগ, সোনার বাংলা রোড ও রেলস্টেশন এলাকায় একটি সংঘবদ্ধ চক্র স্থানীয়দের ওপর নানা ধরনের অত্যাচার ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল বলে অভিযোগ রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১২ এপ্রিল রবিবার রাতে শাপলাবাগ রেলওয়ে এলাকায় সিএনজি শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি লুৎফর রহমানকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হলে ভুক্তভোগীর পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগ পাওয়ার পরপরই শ্রীমঙ্গল সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. ওয়াহিদুজ্জামান রাজুর নেতৃত্বে একটি বিশেষ টিম ১৩ এপ্রিল রাত ১২টা থেকে ভোর ৪টা পর্যন্ত শাপলাবাগ, সোনার বাংলা রোড ও রেল কলোনী এলাকায় সাড়াশি অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে গ্রেফতার করা হয় এলাকার চিহ্নিত ত্রাস ও একাধিক মামলার আসামি—
১) মো. সাগর আহম্মেদ (২৩), পিতা: মো. দেলোয়ার হোসেন
২) মো. ফারুক হোসেন (৩২) ৩) মো. আরিফ হোসেন (২৮)
৪) মো. শরীফ হোসেন (২৩), পিতা: মৃত বিল্লাল হোসেন
৫) মো. মিজানুর রহমান মিজান (৩০), পিতা: মৃত আলী আজগর, তাদের সকলের বাড়ি শ্রীমঙ্গল থানার বিভিন্ন এলাকায় অবস্থিত।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে এবং তারা দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল।
গ্রেফতারকৃত আসামিদের মৌলভীবাজারের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে আদালতের নির্দেশে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
শ্রীমঙ্গল থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।