
ঝলক দত্ত শ্রীমঙ্গল প্রতিনিধি:
শ্রীমঙ্গলে সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মামলাকে কেন্দ্র করে সাংবাদিক মহলে চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। শ্রীমঙ্গল পৌরসভার ২ নং ওয়ার্ড বিএনপি নেতা আলতাফুর রহমান ওরফে নাজমুল হাসানের বিরুদ্ধে জালিয়াতি, দুর্নীতি ও বিভিন্ন অনিয়ম সংক্রান্ত সংবাদ প্রকাশের জেরে শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এহসান বিন মুজাহির-এর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
এই ঘটনার প্রতিবাদে ১২ এপ্রিল (রোববার) সকাল ১১ ঘটিকায় শ্রীমঙ্গল প্রেসক্লাবে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। ক্লাবের কার্যকরী সদস্য আবুজার রহমান বাবলার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ক্লাবের যুগ্ম সম্পাদক সৈয়দ আবু জাফর সালাউদ্দিন, সাহিত্য ও প্রকাশনা সহ-সম্পাদক বিশ্বজিৎ ভট্টাচার্য্য বাপন, সদস্য ইসমাইল মাহমুদ, মামুন আহমেদ, সাইফুল ইসলাম, এম এ রকিব, ঝলক দত্ত, আব্দুর রব, রুবেল আহমদ, শাকির আহম্মেদ, নূর মোহাম্মদ সাগর ও সৈয়দ আমিরুজ্জামান। সভার শেষ দিকে প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আ ফ ম আব্দুল হাই ডন উপস্থিত হন।
সভায় বক্তারা সাংবাদিক এহসান বিন মুজাহির-এর বিরুদ্ধে দায়ের করা মামলাকে মিথ্যা, হয়রানিমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত বলে আখ্যায়িত করেন। তারা বলেন, এ ধরনের কর্মকাণ্ড স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি হুমকি এবং গণমাধ্যমকর্মীদের পেশাগত দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করবে।
নেতৃবৃন্দ এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে এই মামলা প্রত্যাহারের জোর দাবি জানান। একইসাথে শ্রীমঙ্গল প্রেসক্লাবের সদস্যরা আগামীকাল (১৩ এপ্রিল) সকাল ১১টায় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচি পালনের সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করেন।