
ঝলক দত্ত, শ্রীমঙ্গল প্রতিনিধি:
শ্রীমঙ্গলের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের বই পড়ার অভ্যাস গড়ে তোলার উদ্দেশ্যে শুরু হয়েছে ব্যতিক্রমধর্মী আয়োজন ‘বই পড়া প্রতিযোগিতা ২০২৫’। শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিনের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতা শিক্ষার্থীদের মাঝে ইতোমধ্যেই ব্যাপক উৎসাহ সৃষ্টি করেছে। সোমবার (২৫ আগস্ট) সকাল ১০টায় উপজেলার ৩৬টি শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে শুরু হয় প্রথম ধাপের প্রতিযোগিতা, যার নামকরণ করা হয়েছে ‘মুকুল পর্ব’। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির প্রায় ২১ হাজার শিক্ষার্থী এতে অংশ নেয়। শ্রেণি পাঠ্যক্রমের বাইরের নির্বাচিত ৬৪টি গল্প, প্রবন্ধ ও উপন্যাস পড়ে শিক্ষার্থীরা সংক্ষিপ্ত ও সম্প্রসারণমূলক প্রশ্নের উত্তর দেয়। প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে তিন ধাপে মুকুল, ফুল ও ফল। প্রথম ধাপে প্রতিটি শ্রেণি থেকে সেরা পাঁচজন শিক্ষার্থীকে বাছাই করা হবে। পরবর্তী ধাপগুলোতে লটারির মাধ্যমে বই নির্বাচন করে লিখিত ও মৌখিক পরীক্ষায় শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। আর চূড়ান্ত ধাপে উপজেলা পর্যায়ে বড় পরিসরে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে প্রতিটি বিভাগ থেকে সেরা দশজনকে পুরস্কৃত করা হবে। এ প্রতিযোগিতায় সহযোগী প্রতিষ্ঠান হিসেবে রয়েছে শ্রীমঙ্গল আবৃত্তি উৎসব, আর পাঠ সহযোগী হিসেবে যুক্ত হয়েছে কলেজ রোডস্থ ‘উত্তরণ’। শিক্ষার্থীরা নিজেদের উদ্যোগে বই সংগ্রহ করতে পারবে, পাশাপাশি বিদ্যালয়ের গ্রন্থাগার থেকেও বই নেওয়ার সুযোগ রাখা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন বলেন,শিশু-কিশোররা যেন বই পড়ার মাধ্যমে জ্ঞানার্জনের পাশাপাশি নৈতিক ও সাংস্কৃতিক মূল্যবোধে সমৃদ্ধ হয়, সে লক্ষ্যেই আমাদের এ আয়োজন। আমরা চাই শিক্ষার্থীরা কেবল পরীক্ষায় নয়, জীবনের জন্যও পড়ুক। এখন শ্রীমঙ্গলের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বই পড়াকে ঘিরে বিরাজ করছে এক উৎসবমুখর পরিবেশ।