
শ্রীমঙ্গলে ফ্রিজ-টিভি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন
স্টাফ রিপোর্টারঃ
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার জানাউড়ায় “ফ্রিজ এন্ড টিভি কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬” এর বর্ণাঢ্য মেগা ফাইনাল সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) জানাউড়া সবুজ বাংলা সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে জানাউড়া বাজার সংলগ্ন মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তাজ উদ্দিন তাজু, মোঃ শাহাব উদ্দিন, আজির উদ্দিন, সাংবাদিক রুবেল আহমেদ এবং টুর্নামেন্টের আহ্বায়ক সেলিম মাহমুদসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের আয়োজন তরুণদের সুস্থ বিনোদনের পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ফাইনাল খেলায় জেআর ফুটবল একাডেমি ও শেরপুর রাব্বি স্পোর্টিং ক্লাব মুখোমুখি হয়। শুরু থেকেই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে শেষ পর্যন্ত জেআর ফুটবল একাডেমি জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
হাজার হাজার দর্শকের উপস্থিতিতে পুরো আয়োজন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।