
ঝলক দত্ত, শ্রীমঙ্গল প্রতিনিধি:
শ্রীমঙ্গলে একই দিনে পৃথক দুটি স্থান থেকে বিশাল অজগর ও দাঁড়াশ সাপ উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে শহরের ইছবপুর এলাকায় একটি বসতঘরের খাটের নিচ থেকে প্রায় ১৬ ফুট দীর্ঘ অজগর এবং দুপুরে ভুড়ভুড়িয়া চা বাগান থেকে একটি দাঁড়াশ সাপ উদ্ধার করা হয়। দুটি সাপই নিরাপদে উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
শনিবার রাত ১২টা ১০ মিনিটে শ্রীমঙ্গল শহরের ইছবপুর এলাকায় মিতালি ডেকোরেটার্সের মালিক মৃত হারুন মিয়ার বাসায় ঘুমাতে যাওয়ার সময় খাটের নিচে বিশাল একটি সাপ দেখতে পান পরিবারের সদস্যরা। সাপটি দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে গিয়ে দীর্ঘ সময় চেষ্টা করে সাপটি নিরাপদে উদ্ধার করেন। উদ্ধার হওয়া অজগরটির দৈর্ঘ্য প্রায় ১৬ ফুট।
অন্যদিকে, শনিবার দুপুর ২টার দিকে শ্রীমঙ্গলের ভুড়ভুড়িয়া চা বাগানে চা পাতা তোলার সময় শ্রমিকরা হঠাৎ একটি সাপ দেখতে পান। সাপটি দেখে শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কাজ বন্ধ করে নিরাপদ দূরত্বে সরে গিয়ে তারা সাপটিকে ‘সাদা খরিস’ বলে চিৎকার করতে থাকেন।
পরে চা বাগানের ম্যানেজার সাদেকুর রহমান বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানালে পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে পৌঁছান। সাপটি পরীক্ষা করে তারা জানান, এটি সাদা খরিস নয়; এটি ইন্ডিয়ান র্যাট স্নেক (দাঁড়াশ)।
পরে দাঁড়াশ সাপটিকেও নিরাপদে উদ্ধার করে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।