
ঝলক দত্ত, শ্রীমঙ্গল প্রতিনিধি:
শ্রীমঙ্গলের নোয়াগাঁও ও ইছবপুর এলাকায় যেন অজগরের ‘আতঙ্ক’ নেমে এসেছে। গত এক সপ্তাহে এ দুটি এলাকা থেকে টানা চারটি অজগর সাপ উদ্ধার হয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে পুরো গ্রামজুড়ে।
শুক্রবার (২৮ নভেম্বর) সকাল ৮টার দিকে নোয়াগাঁও ফকিরবাড়ির সংলগ্ন ধানক্ষেতে কৃষকরা ধান কাটার সময় হঠাৎ বিশাল আকৃতির একটি অজগর দেখতে পান। মুহূর্তেই শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা দ্রুত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেন।
খবর পেয়ে সংগঠনের পরিচালক স্বপন দেব সজল, পরিবেশ কর্মী রাজদীপ দেব দীপ ও রিদন গৌড় ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে অজগর হিসেবে শনাক্ত করেন। এরপর সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয় এবং শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।
এর আগে গত কয়েকদিনে নোয়াগাঁও ও ইছবপুর এলাকা থেকে আরও তিনটি অজগর উদ্ধার হয়েছে।
ফলে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে, কেন বারবার অজগর লোকালয়ে প্রবেশ করছে? বনাঞ্চলে কি খাদ্যের অভাব, নাকি তাদের আবাসস্থল নষ্ট হয়ে যাচ্ছে?।