
শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলন, জব্দ ১০ হাজার ঘনফুট বালু
স্টাফ রিপোর্টারঃ
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ৬নং আশিদ্রোন ইউনিয়নের ২নং ওয়ার্ডের বিলাশছড়া এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) পরিচালিত অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনরত কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। ফলে কাউকে দণ্ড প্রদান করা সম্ভব হয়নি। তবে অভিযানকালে অবৈধভাবে উত্তোলন করা প্রায় ১০ হাজার ঘনফুট বালু পাওয়া যায়।
পরে জব্দ করা বালু স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় দেওয়া হয়। জব্দকৃত বালুর বিষয়ে বিধি মোতাবেক পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযানটি পরিচালনা করেন শ্রীমঙ্গল, মৌলভীবাজারের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলাম। এ সময় শ্রীমঙ্গল থানার একটি চৌকস পুলিশ টিম অভিযানে সহযোগিতা করে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।