
রেড ক্রিসেন্টের চেয়ারম্যান হলেন ব্যারিস্টার এম এ সালাম সিলেটে শুভেচ্ছা ও অভিনন্দনের জোয়ার
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ সরকারের স্বাস্থ্য সেবা বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মোঃ আবদুস সালাম (এম এ সালাম)-কে ৩ (তিন) বছর মেয়াদে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।
সিলেটের এই কৃতি সন্তান দেশের অন্যতম বৃহৎ মানবিক সংগঠনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাওয়ায় সিলেট জেলা ও মহানগর বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
এক যৌথ শুভেচ্ছা বার্তায় সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী এমপি বলেন, ব্যারিস্টার আবদুস সালাম একজন দক্ষ, অভিজ্ঞ ও মানবকল্যাণে নিবেদিতপ্রাণ ব্যক্তি। তাঁর যোগ্য নেতৃত্বে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মানবিক কার্যক্রম আরও গতিশীল ও জনমুখী হবে। তাঁরা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও নতুন দায়িত্বে সফলতা কামনা করেন।
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)-এর চেয়ারম্যান ও সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী এক বিবৃতিতে বলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মতো একটি গৌরবময় মানবিক সংগঠনের চেয়ারম্যান হিসেবে ব্যারিস্টার এম এ সালামের নিয়োগ অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয়।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী বলেন, ব্যারিস্টার এম এ সালামের নেতৃত্ব, দক্ষতা ও দীর্ঘ রাজনৈতিক-সামাজিক অভিজ্ঞতা রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যক্রমকে আরও জনকল্যাণমুখী করবে। তাঁর নেতৃত্বে মানবিক সেবা, দুর্যোগ মোকাবিলা ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম নতুন মাত্রা লাভ করবে।
মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমাদ হোসেন চৌধুরী বলেন, ব্যারিস্টার এম এ সালামের এ নিয়োগ ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়নের প্রতিফলন। তিনি তাঁর এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে সর্বাত্মক সফলতা কামনা করেন।
এদিকে সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ এবং জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হাজী দিনার পৃথক শুভেচ্ছা বার্তায় নবনিযুক্ত চেয়ারম্যানকে অভিনন্দন জানিয়ে তাঁর সফল কর্মযাত্রা কামনা করেন।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, ব্যারিস্টার এম এ সালামের নেতৃত্বে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি দেশের মানবিক সেবা, স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম এবং দুর্যোগ মোকাবিলায় আরও শক্তিশালী ও কার্যকর ভূমিকা পালন করবে।