
মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশের অভিযানে ৮ হাজার পিস ইয়াবা ও মাদক বিক্রির ৪ লক্ষ ৪০ হাজার টাকাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার হয়েছে। এসময় মাদক বহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করেছে পুলিশ।
সোমবার (৩ আগস্ট) বিকেল সড়ে ৫ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মৌলভীবাজার-ঢাকা বাসস্ট্যান্ড এলাকা থেকে সন্দেহজনক একটি প্রাইভেট কার আটক করে পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গাড়ির চালক মুরাদ আলী মিলনের দেওয়া তথ্যের ভিত্তিতে শ্রীমঙ্গল রোডস্থ এসএমএস বাস কাউন্টারের সামনে থেকে তার দুই সহযোগী মানিক আহমদ ও সাব্বির আহমদকে আটক করা হয়।
পরে আটক গাড়ি এবং আটককৃতদের দেহ তল্লাশি করে দুটি শপিং ব্যাগে থাকা স্কচটেপ দিয়ে মোড়ানো চারটি প্যাকেট থেকে মোট ৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন পুলিশ সদস্যরা।
এসময় তাদের হেফাজত থেকে মাদক বিক্রির ৪ লক্ষ ৪০ হাজার টাকা এবং ঢাকা মেট্রো গ-১৫-৫৬০৫ নম্বরের একটি সাদা রঙের প্রাইভেটকার জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার মানিক আহমদ (৩২), সাব্বির আহমদ (২৬) ও মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার মুরাদ আলী মিলন (৪৫)।
অভিযান পরিচালনা করেন এসআই (নিঃ) রিপটন পুরকায়স্থের নেতৃত্বে এএসআই (নিঃ) মো. রানা মিয়া, এএসআই (নিঃ) জাহিদুল ইসলাম, এএসআই (নিঃ) ইখতিয়ার হোসেন, কনস্টেবল পিন্টু চন্দ্র শীলসহ মডেল থানা পুলিশের একটি টিম।
মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা পরস্পরের যোগসাজশে সিলেটের জকিগঞ্জ সীমান্ত দিয়ে ইয়াবার চালান এনে মৌলভীবাজার সদরসহ আশপাশের বিভিন্ন এলাকায় বিক্রির কথা স্বীকার করেছে।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মৌলভীবাজার সদর মডেল থানায় নিয়মিত মামলা দায়েরের পর আজ মঙ্গলবার সকালে তাদের মৌলভীবাজার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।