মৌলভীবাজারে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন মোঃ নজরুল ইসলাম খান (৪১) ও মুমিন মিয়া প্রকাশ মনা (১৯)।
রোববার (২০ সেপ্টেম্বর) রাতে কুলাউড়া ও মৌলভীবাজার সদর থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ এসব মাদকদ্রব্য উদ্ধার করে।
রাত সাড়ে ৮টার দিকে জেলা গোয়েন্দা শাখার এসআই হীরক চক্রবর্তীর নেতৃত্বে কুলাউড়ার মনরাজ এলাকায় পলাতক আসামি কাউছার মিয়ার বসতবাড়িতে অভিযান চালিয়ে মুমিন মিয়া প্রকাশ মনাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ৫৫ পিস এবং পলাতক কাউছার মিয়ার হাত থেকে পড়ে যাওয়া কালো পলিথিনের প্যাকেট থেকে ১৫০ পিস, সর্বমোট ২০৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অন্য এক অভিযানে জেলা গোয়েন্দা শাখার এসআই মোহাম্মদ আজিজুল গাফফারের নেতৃত্বে মৌলভীবাজারের শেরপুর মুক্তিযোদ্ধা চত্বর সংলগ্ন সিটি কমিউনিটি সেন্টারের সামনে থেকে মোঃ নজরুল ইসলাম খানকে আটক করা হয়। তার দেহ তল্লাশি করে ১৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) সুদীপ্ত শেখর ভট্টাচার্য্য জানান, এ ঘটনায় গ্রেপ্তারকৃত দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামি কাউছার মিয়াকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।