
তেল সংকটে মজুদ করে চড়া দামে বিক্রি: শ্রীমঙ্গলে ৩০ লিটার অকটেনসহ আটক ১
স্টাফ রিপোর্টার:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জ্বালানি সংকটকে পুঁজি করে তেল মজুদ ও চড়া দামে বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে জরিমানা করা হয় এবং জব্দকৃত অকটেন নিলামে বিক্রি করা হয়।
বুধবার উপজেলার মেসার্স সখিনা সিএনজি রিফুলিং অ্যান্ড ফিলিং স্টেশনের পাশের মসজিদ মার্কেট এলাকায় তেল আনলোড করার সময় স্থানীয়রা তাকে হাতেনাতে আটক করে শ্রীমঙ্গল থানায় সোপর্দ করে।
আটক ব্যক্তি জন্টু পাল (৩০), তিনি খেজুরি ছড়া চা বাগান এলাকার বাসিন্দা। তার পিতার নাম উপেন্দ্র পাল।
স্থানীয় সূত্রে জানা যায়, বৈশ্বিক জ্বালানি সংকটের সুযোগ নিয়ে একটি অসাধু চক্র তেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি করে ২০০ থেকে ৩০০ টাকা লিটার দরে অকটেন বিক্রি করে আসছিল। ঘটনার দিন জন্টু পাল মোটরসাইকেলে করে তেল এনে পাশের মসজিদ মার্কেটে আনলোড করার সময় স্থানীয়দের হাতে ধরা পড়েন। এ সময় তার কাছ থেকে প্রায় ৩০ লিটার অকটেন উদ্ধার করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে জব্দকৃত ২০ লিটার অকটেন নিলামের মাধ্যমে ২,৫০০ টাকায় বিক্রি করে তা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
খবর পেয়ে শ্রীমঙ্গল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান,
“তেল মজুদ করে বেশি দামে বিক্রির অভিযোগে একজনকে আটক করা হয়েছে। এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
স্থানীয়দের দাবি, বাজারে শৃঙ্খলা ফেরাতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা জরুরি।