
জেল-জুলুম পেরিয়ে শ্রীমঙ্গলে মেয়র পদে দৌড়ে নুরুল আলম সিদ্দিকী
স্টাফ রিপোর্টারঃ
দুঃসময়ের নাবিক বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতা; একনিষ্ঠতার স্বীকৃতি প্রত্যাশা।
স্টাফ রিপোর্টার, শ্রীমঙ্গল:
শ্রীমঙ্গল উপজেলা বিএনপির বর্তমান আহ্বায়ক ও সাবেক সভাপতি মোঃ নুরুল আলম সিদ্দিকী দীর্ঘ রাজনৈতিক জীবনে রাজপথ, জেল-জুলুম ও মিছিল-মিটিংকে সঙ্গী করেই এগিয়েছেন। দলের দুঃসময়ে নেতা-কর্মীদের পাশে থেকে বারবার মামলা-হয়রানির শিকার হলেও তিনি আপসহীন অবস্থান ধরে রেখেছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
তার রাজনৈতিক পথচলা শুরু হয় জাগদল থেকে। পরবর্তীতে ছাত্রদল, যুবদল হয়ে বিএনপির রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখেন। ২৫ অক্টোবর ২০০৯ সালে বিএনপির তৎকালীন মহাসচিব মরহুম খোন্দকার দেলোয়ার হোসেন-এর স্বাক্ষরিত কমিটিতে তাকে শ্রীমঙ্গল পৌর বিএনপির আহ্বায়ক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। একই বছরের ২৯ নভেম্বর তার সাংগঠনিক দক্ষতার স্বীকৃতি হিসেবে ৭১ সদস্য বিশিষ্ট পৌর কমিটিতে সভাপতি নির্বাচিত হন।
২৬ সেপ্টেম্বর ২০১৮ সালে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর নির্দেশে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ১০১ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি অনুমোদন দেন, যেখানে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন নুরুল আলম সিদ্দিকী।
১৮ ফেব্রুয়ারি ২০২০ সালে মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান স্বাক্ষরিত আহ্বায়ক কমিটিতে তিনি সদস্য সচিবের দায়িত্ব পান। করোনা পরিস্থিতি ও পুলিশি হয়রানির মধ্যেও ইউনিয়ন কমিটিগুলো পূর্ণাঙ্গ করার কাজ সম্পন্ন করেন। পরবর্তীতে ১০ এপ্রিল ২০২২ সালে তাকে সভাপতি করে ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ উপজেলা কমিটি অনুমোদন দেওয়া হয়।
দলীয় সূত্রে জানা যায়, ২০১২ থেকে ২০২৪ সাল পর্যন্ত শ্রীমঙ্গল-কমলগঞ্জ (মৌলভীবাজার-৪) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) ও স্থানীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়। গত ১৭ বছরে শ্রীমঙ্গল উপজেলার বহু নেতা-কর্মী নামে-বেনামে মামলার শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে। এসব প্রতিকূলতার মাঝেও নুরুল আলম সিদ্দিকী জেল-জুলুম সহ্য করে দলীয় কার্যক্রম চালিয়ে গেছেন।
বাংলাদেশ প্রতিক্ষণ এর এক সাক্ষাৎকারে তিনি জানান আসন্ন মাহে রমাদান ও ঈদুল ফিতরকে সামনে রেখে তিনি শ্রীমঙ্গল পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী হিসেবে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। এ লক্ষ্যে তিনি শ্রীমঙ্গলের সর্বস্তরের জনগণ ও দলীয় নেতা-কর্মীদের দোয়া ও সমর্থন কামনা করেছেন।
শেষে তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।