
কমলগঞ্জে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করলেন এমপি মুজিবুর রহমান চৌধুরী
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভাসহ উপজেলার ৯টি ইউনিয়নের প্রায় ১২ হাজার দরিদ্র মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।
শনিবার (১৪ মার্চ) সকালে কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়ন পরিষদে গরিব, দরিদ্র, অসহায় ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধনকালে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার একটি ক্ষুধা ও দুর্নীতিমুক্ত দেশ গঠনে কাজ শুরু করেছে। ইতোমধ্যে দরিদ্র পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে এবং খুব শিগগিরই কৃষি কার্ড বিতরণ শুরু হবে।
পর্যায়ক্রমে দেশের সকল মানুষের হাতে এসব কার্ড পৌঁছে দেওয়া হবে।
এ সময় ঈদুল ফিতর উপলক্ষে মাধবপুর ইউনিয়নে ১ হাজার ৭২ জন দরিদ্র নারী-পুরুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। পরে কমলগঞ্জ উপজেলার ইসলামপুর, আদমপুর, কমলগঞ্জ সদর, আলীনগর, শমশেরনগর, পতনঊষার, মুন্সীবাজার ও রহিমপুর ইউনিয়নেও ভিজিএফের চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়।
ভিজিএফ চাল বিতরণকালে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওমর ফারুক, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দুরুদ আহমদ, উপজেলা বিএনপির আহ্বায়ক অলি আহমদ খান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রিয়াজুর রহমান রিজন, শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহ আলম, স্থানীয় চেয়ারম্যান, ইউপি সদস্য-সদস্যা, বিএনপি নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।