
‘প্রয়াস’ মানবকল্যাণ পরিষদের পরিচিতি সভা ও ইফতার মাহফিল
স্টাফ রিপোর্টারঃ
অরাজনৈতিক সামাজিক সংগঠন ‘প্রয়াস’ মানবকল্যাণ পরিষদ, শ্রীমঙ্গল উপজেলা-এর উদ্যোগে আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) হবিগঞ্জ রোড শাদি মহল হল রুমে সংগঠনের বর্ণাঢ্য পরিচিতি সভা, কুরআন তেলাওয়াত, আলোচনা সভা, মোনাজাত ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরে বিস্তারিত পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, মানবকল্যাণ, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা, অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো এবং নৈতিক মূল্যবোধ জাগ্রত করাই সংগঠনের মূল লক্ষ্য।

সভায় সভাপতিত্ব করেন মোঃ নুরুল ইসলাম, অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ হেলাল উদ্দিন ভূইয়া। তাঁদের দক্ষ পরিচালনায় পুরো আয়োজনটি সুশৃঙ্খল ও প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রায় ৫০০ জন বিশিষ্ট অতিথি, সমাজসেবী, আলেম-ওলামা, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় সংগঠনের ১৫১ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি এবং ০৬ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। উপস্থিত সদস্যরা নতুন কমিটির প্রতি আস্থা প্রকাশ করেন এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।
আলোচনা পর্ব শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালিত হয়। পরে উপস্থিত সবার মাঝে ইফতার পরিবেশন করা হয়।

আয়োজকরা জানান, ‘প্রয়াস’ মানবকল্যাণ পরিষদ একটি সম্পূর্ণ অরাজনৈতিক সামাজিক সংগঠন হিসেবে শ্রীমঙ্গল উপজেলাসহ আশপাশের এলাকায় মানবিক ও কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করবে। সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে একটি ন্যায়ভিত্তিক, মানবিক সমাজ গড়াই সংগঠনের অঙ্গীকার।
অনুষ্ঠানটি উৎসবমুখর, সৌহার্দ্যপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়।