
ঝলক দত্ত,শ্রীমঙ্গল প্রতিনিধিঃ
শ্রীমঙ্গলে ঈদুল আযহাকে সামনে রেখে মেহেদির কেনাবেচায় চাঙ্গা হয়েছে বাজার। শহরের বিভিন্ন বিপণি বিতান, ফুটপাত ও সৌন্দর্যচর্চা কেন্দ্রগুলোতে ক্রেতাদের ভিড় জমেছে। বিশেষত নারীরা ও কিশোরীরা ঈদ সাজের অংশ হিসেবে হাতে মেহেদির নকশায় নিজেকে অনন্যভাবে উপস্থাপন করতে আগ্রহী।
বাজারে বিভিন্ন ধরনের মেহেদির চাহিদা বেড়েছে কয়েকগুণ। পাউডার, হারবাল এবং কসমেটিক ও মেহেদির বিক্রি বেড়েছে। আকলিমা আক্তার নামে এক ক্রেতা জানান, “সামাজিক যোগাযোগমাধ্যমে ডিজাইন দেখে আমরা শিশুদের জন্য কার্টুন ও ফুলেল নকশার মেহেদি দিয়ে হাতে সাজিয়ে থাকি।”
সাংবাদিক রুবেল আহমদ জানান, ঈদ উপলক্ষে বাসার ছোট বড় সবার জন্য জন্য কাশ্মীরি, সাহাজাদী, লীজান,স্মার্ট ও মমতাজ এই পাঁচ রকমের মেহেদী কিনেছি।
বিসমিল্লা মার্কেটের ‘বৃষ্টি এন্টারপ্রাইজ’-এর স্বত্বাধিকারী মো. আজির উদ্দিন বলেন, “আমরা ২০ টাকা থেকে ৭০ টাকার মধ্যে বিভিন্ন ধরনের মেহেদি বিক্রি করছি।”
অন্যদিকে, শ্রীমঙ্গল নতুন বাজারের ‘জেবি এন্টারপ্রাইজ’-এর স্বত্বাধিকারী মো. জুবের আহমেদ জানান, “গত এক সপ্তাহ ধরে বিক্রি বেড়ে গেছে। ঈদের আগে শেষ দুই দিন সবচেয়ে বেশি কেনাবেচা হয়।”
প্রতিবারের মতো এবারও ঈদকে কেন্দ্র করে মেহেদির বাজার জমজমাট হয়ে উঠেছে। ক্রেতাদের আকর্ষণ ধরে রাখতে বিভিন্ন নতুন ডিজাইন ও ব্র্যান্ডের মেহেদি সরবরাহ করা হচ্ছে।