
বসতঘরের সিঁড়ির নিচে বিষধর কোবরা সাপের আস্তানা,উদ্ধার ৫ বাচ্চা
ঝলক দত্ত, শ্রীমঙ্গল প্রতিনিধিঃ
বসতঘরের সিঁড়ির নিচ থেকে বিষধর প্রজাতির পাঁচটি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে কমলগঞ্জ মডেল স্কুল অ্যান্ড কলেজের পাশে জাপানী বাড়ি মুজাহিদ মঞ্জিলে এ ঘটনা ঘটে। বাড়িটির মালিক জাপান প্রবাসী মুজাহিদ আলী। পরিবারের সদস্যরা সিঁড়ির নিচে একাধিক সাপ দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন।
পরে বিষয়টি রাজকান্দি রেঞ্জ কর্মকর্তা তানভীর আহমদ এবং বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানান পরিবারের সদস্যরা।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান রাজকান্দি রেঞ্জ কর্মকর্তা তানভীর আহমদ, বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ।
ঘটনাস্থলে গিয়ে তারা সিঁড়ির নিচে থাকা সাপগুলো শনাক্ত করেন। পরে সতর্কতার সঙ্গে একে একে মোট ৫টি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা নিরাপদে উদ্ধার করা হয়।
উদ্ধার করা সাপগুলো পরবর্তীতে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সাপগুলো উপযুক্ত প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে।
বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বলেন, বসতবাড়িতে সাপ দেখা গেলে আতঙ্কিত হয়ে সাপ হত্যা না করে দ্রুত বন বিভাগ বা বন্যপ্রাণী উদ্ধারকারী দলের সহায়তা নেওয়া উচিত। এতে মানুষের নিরাপত্তা নিশ্চিত হওয়ার পাশাপাশি বন্যপ্রাণীও রক্ষা পাবে।g