হৃদয়ে শ্রীমঙ্গলের বৃক্ষরোপণ ও সনদ বিতরণ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টারঃ
“গাছে বাঁচান, পরিবেশ বাঁচান, একটি গাছ একটি প্রাণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সামাজিক সংগঠন “হৃদয়ে শ্রীমঙ্গল”-এর উদ্যোগে বর্ণাঢ্য র্যালী, বৃক্ষরোপণ কর্মসূচি এবং কম্পিউটার এন্ড আইটি শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ মে) শ্রীমঙ্গলে আয়োজিত এ কর্মসূচিতে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একটি সচেতনতামূলক র্যালী বের করা হয়। র্যালী শেষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয় এবং প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
হৃদয়ে শ্রীমঙ্গলের প্রধান নির্বাহী কায়েস আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আলাউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার উচ্চ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামসুন্নাহার পারভিন এবং বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি, শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি মোঃ একরামুল কবির।
বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। পাশাপাশি তথ্যপ্রযুক্তি শিক্ষার মাধ্যমে তরুণ সমাজকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এসময় সংগঠনের সদস্যবৃন্দ, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।