শ্রীমঙ্গল পৌরসভায় মশক নিধন কার্যক্রম জোরদার, ডেঙ্গু প্রতিরোধে বিশেষ উদ্যোগ
স্টাফ রিপোর্টারঃ
ডেঙ্গু নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপের অংশ হিসেবে শ্রীমঙ্গল পৌরসভা মশক নিধন কার্যক্রম জোরদার করেছে। এর অংশ হিসেবে পৌর শহরের ৮নং ওয়ার্ডে ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন ঔষধ স্প্রে করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) পরিচালিত এই কার্যক্রমে এলাকার গুরুত্বপূর্ণ সড়ক, ড্রেন ও মশার বংশবিস্তার উপযোগী স্থানগুলোতে বিশেষভাবে স্প্রে করা হয়। এতে উপস্থিত ছিলেন পৌর প্রকৌশলী জহিরুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
পৌর প্রকৌশলী জহিরুল ইসলাম জানান, শহরে দিন দিন মশার উপদ্রব বৃদ্ধি পাচ্ছে, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে আসন্ন বর্ষা মৌসুমে পানি জমে থাকার কারণে ডেঙ্গুর ঝুঁকি আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতি বিবেচনায় আগাম প্রস্তুতি হিসেবে মশক নিধন কার্যক্রম জোরদার করা হয়েছে।
তিনি আরও বলেন, শুধুমাত্র পৌরসভার উদ্যোগই যথেষ্ট নয়; ডেঙ্গু প্রতিরোধে সাধারণ জনগণের সম্মিলিত সচেতনতা অত্যন্ত জরুরি। বাড়ির আশপাশে কোথাও পানি জমে না রাখা, পরিত্যক্ত পাত্র পরিষ্কার রাখা এবং মশার বংশবিস্তার রোধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।
পৌর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ডেঙ্গু প্রতিরোধে শহরের অন্যান্য ওয়ার্ডেও পর্যায়ক্রমে এ ধরনের মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হবে। পাশাপাশি পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক শামিম আহমেদ, আব্দুল কাইয়ুম প্রমুখ।
স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত এ ধরনের কার্যক্রম পরিচালনা করা হলে মশার উপদ্রব অনেকটাই কমে আসবে এবং ডেঙ্গুর ঝুঁকিও হ্রাস পাবে।