শ্রীমঙ্গল পুলিশের অভিযানে চোরাই রাবারসহ আটক ৬
স্টাফ রিপোর্টার:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের পৃথক অভিযানে চোরাই রাবার ও চুরি করা বিভিন্ন মালামালসহ ৬ জনকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, সাব-ইন্সপেক্টর দেলোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি অভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) বিকাল ৪টার দিকে শ্রীমঙ্গল উপজেলার ৪ নম্বর সিন্দুরখান ইউনিয়নের কুঞ্জবন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় রোয়েল মিয়া (৩২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি ইউসুফ আলীর ছেলে এবং একই এলাকার বাসিন্দা। পরে তার কাছ থেকে ২ বস্তা চোরাই রাবার উদ্ধার করা হয়, যার ওজন প্রায় ৭০ কেজি এবং আনুমানিক মূল্য ২১ হাজার টাকা।
এদিকে আরেকটি অভিযানিক টিম এসআই হারুন অর রশিদের নেতৃত্বে শুক্রবার (৬ মার্চ) রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে শ্রীমঙ্গল থানার রাধানগর এলাকার একটি লেবু বাগানে অভিযান চালায়। এ সময় মো. সুমন মিয়া (২২) ও মো. রিপন মিয়া (১৯) নামে দুইজনকে আটক করা হয়। তারা হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার সুজাতপুর এলাকার মোহাম্মদ আলীর ছেলে। আটককৃতদের কাছ থেকে একটি সাবমারসিবল পাম্প ও ইলেকট্রিক ক্যাবল উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক মূল্য প্রায় ২৫ হাজার টাকা।
এছাড়াও জিআর ওয়ারেন্টভুক্ত ২ জন এবং সিআর ওয়ারেন্টভুক্ত ১ জনসহ মোট ৬ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।