শ্রীমঙ্গলে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা: প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন
স্টাফ রিপোর্টারঃ
শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও অনুসন্ধানী সাংবাদিক এহসান বিন মুজাহিরের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মিথ্যা মামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় শহরের কলেজ রোডস্থ শ্রীমঙ্গল প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়। ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আ.ফ.ম আব্দুল হাই ডনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন যুগ্ম সম্পাদক সৈয়দ আবু জাফর সালাউদ্দিন, কোষাধ্যক্ষ এহসান বিন মুজাহির, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন, সদস্য আবুজার বাবলা, মো. কাওছার ইকবাল, ইসমাইল মাহমুদ, এম এ রকিব, সৈয়দ ছায়েদ আহমেদ, সৈয়দ আমিরুজ্জামান, রুবেল আহমেদ, আমজাদ হোসেন বাচ্চু, মামুন আহমেদসহ আরও অনেকে।
বক্তারা বলেন, শ্রীমঙ্গল পৌর বিএনপির ২নং ওয়ার্ডের সদস্য আলতাফুর রহমান দীর্ঘদিন ধরে দলীয় পরিচয় ব্যবহার করে বিভিন্ন অনিয়ম, প্রতারণা ও জালিয়াতির সঙ্গে জড়িত। স্থানীয় জনগণের অভিযোগ উপেক্ষিত থাকায় এবং প্রশাসনের কার্যকর পদক্ষেপ না থাকায় তার বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে। এ প্রেক্ষাপটে সাংবাদিক এহসান বিন মুজাহির দীর্ঘ অনুসন্ধান চালিয়ে একাধিক প্রতিবেদন প্রকাশ করলে ক্ষিপ্ত হয়ে আলতাফুর রহমান তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেন।

সমাবেশে সাংবাদিক নেতারা বলেন, দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করা সাংবাদিকদের সাংবিধানিক অধিকার। মামলা দিয়ে সত্য প্রকাশ থামানো যাবে না। তারা অবিলম্বে এহসান বিন মুজাহিরের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দাবি পূরণ না হলে সাংবাদিক সমাজ বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে।

এদিকে প্রতিবাদ সমাবেশে সংহতি প্রকাশ করে মানবাধিকার ঐক্য পরিষদ শ্রীমঙ্গল শাখার সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম সবুজ, শ্রীমঙ্গল ইসলামী ছাত্র ঐক্য পরিষদের আহ্বায়ক মাহমুদুল হাসান নাঈম, সাংবাদিক এম এ রকিব, মুসলিম চৌধুরী, ঝলক দত্ত, শামসুল ইসলাম শামিম, নিরাপদ সড়ক আন্দোলনের সভাপতি আমজাদ হোসেন রনি, বাংলাদেশ কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান চৌধুরীসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।