শ্রীমঙ্গলে ব্যাংকার এ্যাসিসোয়েশনের ইফতার মাহফিল ও কমিটি গঠন
জেলা প্রতিনিধি:
ব্যাংকার এ্যাসিসোয়েশন শ্রীমঙ্গল-এর উদ্যোগে বুধবার (৪ মার্চ) শ্রীমঙ্গলের স্থানীয় রিজিক রেস্টুরেন্ট-এর হলরুমে এক আন্তরিক পরিবেশে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
স্ট্যান্ডার্ড ইসলামিয়া ব্যাংক শ্রীমঙ্গল শাখার ব্যবস্থাপক মুণিরুল ইসলামের সঞ্চালনায় এবং সোনালী ব্যাংক শ্রীমঙ্গল শাখার ব্যবস্থাপক সাফি চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে শ্রীমঙ্গলে কর্মরত বিভিন্ন ব্যাংকের শাখা ও উপশাখা ব্যবস্থাপক, ইনচার্জ ও কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনতা ব্যাংক শ্রীমঙ্গল শাখার ব্যবস্থাপক মো. সালাহ্ উদ্দিন, রূপালী ব্যাংক শাখার ব্যবস্থাপক বিনয় কান্তি ভৌমিক, যমুনা ব্যাংক শাখার ব্যবস্থাপক মো. মোশাররফ হোসেন শামিম, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড শাখার ব্যবস্থাপক মো. কামরুল হাসান, দ্য সিটি ব্যাংক-এর ব্যবস্থাপক শামিম আহমেদ এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর ব্যবস্থাপক মুজিবুর রহমানসহ মোট ৩১টি ব্যাংকের প্রতিনিধিরা।

ইফতারের পূর্বে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে সংগঠনের নতুন ১১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। এতে জনতা ব্যাংক শ্রীমঙ্গল শাখার ব্যবস্থাপক মো. সালাহ্ উদ্দিনকে সভাপতি এবং স্ট্যান্ডার্ড ইসলামিয়া ব্যাংক শ্রীমঙ্গল শাখার ব্যবস্থাপক মুণিরুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
উল্লেখ্য, ব্যাংকার এ্যাসিসোয়েশন শ্রীমঙ্গল ২০১৯ সালে যাত্রা শুরু করে এবং স্থানীয় ব্যাংকিং খাতে সমন্বয়, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে কাজ করে আসছে। আয়োজকরা জানান, ভবিষ্যতেও সংগঠনটি শ্রীমঙ্গলের ব্যাংকিং সেক্টরে ঐক্য ও সমন্বয় জোরদারে কার্যকর ভূমিকা রাখবে।