শ্রীমঙ্গলে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে পুলিশ
মৌলভীবাজার সংবাদদাতা:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি কুরিয়ার সার্ভিস অফিসে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ফুচকা ও সিগারেট জব্দ করেছে পুলিশ। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় সাত লাখ টাকা বলে জানা গেছে।
শুক্রবার (২৪ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে শহরের মৌলভীবাজার সড়কে অবস্থিত এস এ পরিবহনের অফিসে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে পুলিশ ২০ বস্তা (প্রায় ১০০০ কেজি) ভারতীয় ফুচকা এবং ৪৮ হাজার ৮০০ শলাকা বিদেশি সিগারেট উদ্ধার করে। এর মধ্যে রয়েছে ৩০ হাজার পেট্রোল ব্র্যান্ড এবং ১৮ হাজার ৮০০ মুন ব্র্যান্ডের সিগারেট।
এ বিষয়ে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, চোরাচালানের মাধ্যমে আনা এসব অবৈধ পণ্য জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং সংশ্লিষ্টদের শনাক্তে পুলিশ কাজ করছে। পাশাপাশি এ ধরনের অপরাধ দমনে অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
প্রসঙ্গত, এর আগেও বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সীমান্তপথে অবৈধভাবে আনা পণ্য জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সংশ্লিষ্ট সূত্রের দাবি, চোরাকারবারিরা দীর্ঘদিন ধরে শ্রীমঙ্গলকে একটি নিরাপদ রুট হিসেবে ব্যবহার করে আসছে।
তারা সীমান্ত এলাকা ব্যবহার করে ইলেকট্রনিক্স ডিভাইস, প্রসাধনী সামগ্রী, কাপড়সহ বিভিন্ন ধরনের অবৈধ পণ্য দেশের অভ্যন্তরে আনার চেষ্টা করে থাকে বলে জানা গেছে।