
শ্রীমঙ্গলে বালু উত্তোলনে পুলিশের অভিযান, আটক ১
স্টাফ রিপোর্টারঃ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলর অবৈধভাবে বালু উত্তোলন করে পরিবেশের ভারসাম্য নষ্ট করার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে একটি পুরাতন ট্রাক ও বিপুল পরিমাণ বালু জব্দ করা হয়।
থানা সূত্রে জানা গেছে, গত ১৮ জুন বুধবার দুপুর শ্রীমঙ্গল থানার এসআই (নিঃ) সুজন কান্তি পাল সঙ্গীয় ফোর্সসহ ২নং ভূনবীর ইউনিয়নের অন্তর্গত আলীশারকুল এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযানে স্থানীয় মোঃ আমির আলীর বাড়ির দক্ষিণ পাশে খালি জায়গায় রাখা একটি ৩ টনি ট্রাকে থাকা অবস্থায় অবৈধ বালু ব্যবসায়ী চক্রের সদস্য মোঃ খলিল মিয়া (২১), পিতা মোঃ জহুর আলী, সাং-গোলগাঁও, ৪নং সিন্দুরখান ইউনিয়ন, থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজারকে আটক করা হয়।
এ সময় ঘটনাস্থল থেকে ঢাকা মেট্রো-ড-১১-৫১৬৭ রেজিস্ট্রেশন নম্বরের পুরাতন ট্রাকটিসহ তাতে লোডকৃত ১০০ ঘনফুট সিলিকা বালু জব্দ করা হয়। জব্দ করা মালামালগুলোর বিষয়ে আইনগতভাবে জব্দ তালিকা প্রস্তুত করা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন সরকারি ছড়া ও জমি থেকে অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন করে আসছে। এতে করে একদিকে যেমন পরিবেশ দূষণ হচ্ছে, অন্যদিকে স্থানীয় নদী ও ছড়ার স্বাভাবিক প্রবাহ বিঘ্নিত হচ্ছে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত খলিল মিয়ার সঙ্গে জড়িত পলাতক অন্যান্য সদস্যদের বিরুদ্ধে অনুসন্ধান চলছে। অবৈধ বালু ব্যবসায়ী চক্রের মূলহোতাদের খুঁজে বের করে আইনের আওতায় আনার জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এ বিষয়ে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “প্রাকৃতিক সম্পদ রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে পুলিশ সবসময় তৎপর রয়েছে। অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
ঘটনার বিষয়ে শ্রীমঙ্গল থানায় একটি মামলা রুজু করা হয়েছে।