ঝলক দত্ত, শ্রীমঙ্গল প্রতিনিধি:শ্রীমঙ্গল উপজেলায় পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে বছরে এক লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২৫ জুলাই) সকালে শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির আহ্বায়ক নূরে আলম সিদ্দিকী, সদস্য ইয়াকুব আলী, উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ুসহ প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে মুজিবুর রহমান চৌধুরী বলেন, সরকারের ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে শ্রীমঙ্গল উপজেলায় আগামী এক বছরের মধ্যে এক লাখ গাছের চারা রোপণ করা হবে। উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের সমন্বয়ে এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
তিনি আরও জানান, উপজেলার ৯টি ইউনিয়নে পর্যায়ক্রমে প্রায় ১০ হাজার করে গাছের চারা রোপণ করা হবে। পাশাপাশি প্রতিটি ইউনিয়নের সব ওয়ার্ডে কর্মসূচি সম্প্রসারণ করা হবে এবং সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হবে।