ঝলক দত্ত, শ্রীমঙ্গল প্রতিনিধি:
শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের কাকিয়া বাজার উচ্চ বিদ্যালয় মাঠে মরহুম শফিকুর রহমান এমপি ও আব্দুল হাই চেয়ারম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৩ জুলাই) বিকেল ৪টায় কাকিয়াবাজার উচ্চ বিদ্যালয় মাঠে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় মির্জাপুর ইউনিয়ন একাদশ ও কালাপুর ইউনিয়নের লাল দল। টানটান উত্তেজনাপূর্ণ খেলাটির প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি।

তবে দ্বিতীয়ার্ধে মির্জাপুর ইউগনিয়ন একটি দুর্দান্ত গোল করে ১-০ ব্যবধানে এগিয়ে যায় এবং শেষ পর্যন্ত সেই ব্যবধান ধরে রেখে জয়লাভ করে। টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী যুবদল শ্রীমঙ্গল পৌর শাখার আহবায়ক সারোয়ার হোসেন এবং সঞ্চালনায় ছিলেন মো. আব্দুল কাদির জিলানী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দুরুদ আহমেদ মাস্টার, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মশিউর রহমান রিপন, কাকিয়াবাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নোমান আহমদ সিদ্দিকী প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণ সমাজকে মাদক ও অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে কার্যকর ভূমিকা রাখে। খেলাধুলার মাধ্যমে যেমন শারীরিক ও মানসিক বিকাশ ঘটে, তেমনি সামাজিক সম্প্রীতিও গড়ে ওঠে। তিনি খেলোয়াড়, আয়োজক ও দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এমন ক্রীড়া উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান। উদ্বোধনী খেলা পরিচালনা করেন মো. মিজানুর রহমান, মো. আবুল কাশেম, কাঞ্চন গৌড় ও সুদর্শন দাশ।