মৌলভীবাজার প্রতিনিধিঃ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আসন্ন পবিত্র রমজান মাসকে সামনে রেখে বাজার মনিটরিং কার্যক্রম জোরদার করেছে প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরসমূহ।
উপজেলা প্রশাসন শ্রীমঙ্গল, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, শ্রীমঙ্গল পৌরসভা এবং শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতি’র যৌথ উদ্যোগে উপজেলার বিভিন্ন বাজারে মনিটরিং অভিযান পরিচালিত হয়।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে শুরু হওয়া এ অভিযানে বাজারে পণ্যের মূল্যতালিকা প্রদর্শন, ওজন ও মাপের সঠিকতা নিশ্চিতকরণ, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা এবং ভোক্তা অধিকার সংরক্ষণে সার্বিক তদারকি করা হয়।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বাজারে স্বচ্ছতা বজায় রাখা এবং কৃত্রিম সংকট সৃষ্টি ও অতিরিক্ত মূল্য আদায় রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে। অভিযানের সময় ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং ভোক্তাদের স্বার্থবিরোধী কোনো কার্যক্রম পাওয়া গেলে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: ইসলাম উদ্দিন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহকারি পরিচালক, মো: আল আমিন, পৌর প্রকৌশলী জহিরুল ইসলাম, শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক হাজী কামাল হোসেন, কোষাধ্যক্ষ হাজী মো: আব্দুল বাছিত, মোঃ আমজাদ হোসেন বাচ্চু প্রমুখ। এসময় সহযোগীতা করেন শ্রীমঙ্গল থানা পুলিশ।