প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২, ২০২৬, ২:১৯ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১০, ২০২৬, ৬:১৪ অপরাহ্ণ
শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতি, পাজেরো জিপ অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার

শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতি, পাজেরো জিপ অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার
স্টাফ রিপোর্টারঃ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি পাজেরো জিপ জব্দ করা হয়।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার ৮ নম্বর কালীঘাট ইউনিয়নের ভুরভুরিয়া চা বাগান এলাকার বিটিআরআই সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—শ্রীমঙ্গলের খোশবাস এলাকার শাহ আলম (৩৮), কুলাউড়ার বিলেরপাড় এলাকার সালাউদ্দিন (২৯) এবং শ্রীমঙ্গলের শংকরসেনা (শিববাড়ী) এলাকার মো. আলী হোসেন (৩৯)।
পুলিশ জানায়, তাদের কাছ থেকে একটি রামদা, একটি লোহার বোল্ট কাটার ও একটি স্টিলের এসএস রড উদ্ধার করা হয়েছে। এছাড়া ডাকাতির কাজে ব্যবহৃত সাদা রঙের পাজেরো জিপটি জব্দ করা হয়।
শ্রীমঙ্গল থানার ওসি সরকার আবদুল্লাহ আল মামুনের নির্দেশনায় এসআই মো. দেলোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযানটি পরিচালনা করেন।
পুলিশের দাবি, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে চুরি, ডাকাতি, ছিনতাই ও মাদকসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।
এ ঘটনায় শ্রীমঙ্গল থানায় পুলিশ বাদী হয়ে পেনাল কোডের ৩৯৯ ও ৪০২ ধারায় মামলা করেছে। পলাতক সহযোগীদের গ্রেপ্তারে অভিযান চলছে।
Copyright © 2026 বাংলাদেশ প্রতিক্ষণ. All rights reserved.