শ্রীমঙ্গলে গাড়ির ধাক্কায় আহত মহাবিপন্ন চিতা বিড়াল উদ্ধার
ঝলক দত্ত, শ্রীমঙ্গল প্রতিনিধিঃ
শ্রীমঙ্গলে গাড়ির ধাক্কায় আহত অবস্থায় একটি মহাবিপন্ন বন্যপ্রাণী চিতা বিড়াল (Leopard Cat) উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২১ মে ) দুপুর প্রায় ১২টার দিকে শ্রীমঙ্গল টি রিসোর্ট এন্ড মিউজিয়াম সংলগ্ন
রাস্তার পাশে গাড়ির ধাক্কায় ছটফট করে মৃত্যুর সঙ্গে লড়ছিল একটি মহাবিপন্ন চিতা বিড়াল। অসহায় প্রাণীটির যন্ত্রণাকাতর অবস্থা দেখে থমকে দাঁড়ান দুই মানবিক মানুষ জাহান আহমেদ ও মোহাম্মদ মিলন। মুহূর্তেই তারা বুঝতে পারেন, একটু দেরি হলেই হয়তো নিভে যেতে পারে বনের এই নিরীহ প্রাণটির জীবন।
প্রাণীটির অবস্থা দেখে তারা দ্রুত বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে অবহিত করেন।
খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল, পরিবেশ কর্মী রাজদীপ দেব দীপ ও নিরব নাগ ঘটনাস্থলে পৌঁছে আহত প্রাণীটিকে উদ্ধার করেন। পরে নিশ্চিত হওয়া যায়, এটি একটি মহাবিপন্ন চিতা বিড়াল, যা বাংলাদেশের বিরল বন্যপ্রাণীদের মধ্যে অন্যতম।
ধারণা করা হচ্ছে, দ্রুতগতির কোনো গাড়ির আঘাতে প্রাণীটি গুরুতর আহত হয়েছে। উদ্ধারকারীরা আহত চিতা বিড়ালটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। বর্তমানে প্রাণীটি কিছুটা সুস্থ হলেও উন্নত চিকিৎসার প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন সজল দেব।
উদ্ধারকারীরা জানান, আজ শুক্রবার হওয়ায় বন্যপ্রাণী চিকিৎসক পাওয়া না যাওয়ায় তাৎক্ষণিক উন্নত চিকিৎসা নিশ্চিত করা সম্ভব হয়নি। তারপরও প্রাণীটিকে বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। বিকেল চিকিৎসার পর চিতা বিড়ালটি বনবিভাগের কাছে হস্তান্তর করা হবে।
প্রকৃতির এই নীরব প্রাণীগুলো মানুষের অসচেতনতা ও দ্রুতগতির যানবাহনের কারণে প্রতিনিয়ত ঝুঁকির মুখে পড়ছে। বনাঞ্চল সংলগ্ন সড়কে সতর্কভাবে যানবাহন চালানোর জন্য প্রকৃতিপ্রেমী তারিক হাসান সকলের প্রতি সচেতন ভাবে গাড়ি চালানোর আহ্বান জানিয়েছেন। আহত চিতা বিড়ালটির দিকে তাকালে যেন স্পষ্ট হয়ে ওঠে মানুষ ও প্রকৃতির সহাবস্থান রক্ষায় এখনই আরও দায়িত্বশীল হওয়া জরুরি।