বাংলাদেশ প্রতিক্ষণ ডেস্ক :
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ৩ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৩০ সেপ্টেম্বর) শ্রীমঙ্গল থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে অভিযুক্ত দুলাল মিয়া (৩১), মো. জুয়েল মিয়া ওরফে সোহেল (২৬) ও আল আমিন ইসলাম (২০) নামের ৩ যুবককে গ্রেপ্তার করেছে।
ভুক্তভোগীর কিশোরীর বাবা বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে শ্রীমঙ্গল থানায় মামলা করলে পুলিশ তিন আসামিকে গ্রেপ্তার করে।
মামলার সূত্রে জানা যায়, গত ২৬ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে ওই কিশোরী শ্রীমঙ্গল পৌরসভার উকিল বাড়ি রোডে গৃহপরিচারিকার কাজ শেষে বাড়ি ফিরছিল। পথে আসামিরা একটি সিএনজি অটোরিকশায় এসে তার পথরোধ তাকে জোরপূর্বক তুলে নিয়ে ইছবপুর এলাকা একটি ভাড়া বাসায় নিয়ে আটকে রাখে।
এজাহারে বলা হয়, ২৬ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টা থেকে পরদিন ২৭ সেপ্টেম্বর সকাল ৭টা পর্যন্ত ওই বাসায় কিশোরীকে আটকে রেখে আসামিরা পর্যায়ক্রমে ধর্ষণ করে। পরে সকাল ৯টার দিকে তাকে শ্রীমঙ্গল রেলস্টেশনে ফেলে রেখে তারা পালিয়ে যায়।
পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির একপর্যায়ে খবর পেয়ে রেলস্টেশন থেকে আহত অবস্থায় কিশোরীকে উদ্ধার করেন। পরে তাকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠান। সে মৌলভীবাজার সদর হাসপাতালের গাইনি বিভাগে চিকিৎসাধীন রয়েছে।
ভুক্তভোগীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে শ্রীমঙ্গল থানায় মামলা করেন।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেন।