ঝলক দত্ত, শ্রীমঙ্গল প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ধর্মীয় উৎসবের আমেজে আনন্দঘন পরিবেশে পালিত হলো হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী। ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথিকে ঘিরে শনিবার (১৬ আগস্ট) সকাল থেকেই শ্রীমঙ্গলের বিভিন্ন এলাকায় বিরাজ করে উৎসবের আমেজ। শ্রীমঙ্গল সার্বজনীন শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উদযাপন পরিষদের আয়োজনে দিনের শুরুতেই শঙ্খধ্বনি ও ঘণ্টাধ্বনির মধ্য দিয়ে শুরু হয় পূজার্চনা ও ধর্মীয় কার্যক্রম। পরে সকাল ১১টায় হবিগঞ্জ রোডস্থ শ্রীশ্রী জগন্নাথ দেবের আখড়া থেকে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় আখড়ার সামনে এসে শেষ হয়। শোভাযাত্রার উদ্বোধন করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসলাম উদ্দিন। এসময় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শংকর বণিক এবং সঞ্চালনা করেন উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক শ্যামল আচার্য্য ও জীবন কুমার দে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি ডা. সত্যকাম চক্রবর্তী, জেলা শাখার সহ-সভাপতি অজয় কুমার দেব, পৌর শাখার সভাপতি সুমন রায়, সম্পাদক বিশ্বনাথ দাস চৌধুরী ছোটন, সনাতনী সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ সুনীল বৈদ্য শচী, ডা. প্রদীপ বণিক, টিটু দাশ, সুদীপ দাশ রিংকু এবং সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার পিয়াস দাশ প্রমুখ। সবশেষে ভক্তবৃন্দের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় বিশেষ সমবেত প্রার্থনা। প্রার্থনা পাঠ করেন ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক দ্বীপেন্দ্র ভট্টাচার্য। নারী-পুরুষ ভক্তদের এই সমবেত প্রার্থনায় মুখরিত হয়ে ওঠে পরিবেশ।