শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনে মোবাইল কোর্ট, ২ জনের ৩ মাসের কারাদণ্ড
স্টাফ রিপোর্টারঃ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে দুইজনকে হাতেনাতে আটক করা হয়েছে। পরে পৃথক দুটি মামলায় তাদের প্রত্যেককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত উপজেলার উদনা ছড়া, লাংলিয়া ছড়া ও ডিংডিংগিয়া ছড়ার গোলগাঁও, সিক্কা ও খারিজ্জমা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলাম। আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করে শ্রীমঙ্গল থানা পুলিশের একটি দল।
অভিযানের খবর অবৈধ বালু উত্তোলনকারীরা যাতে আগেভাগে জানতে না পারে, সে জন্য সিএনজিযোগে একটি পৃথক দলকে সম্ভাব্য বিভিন্ন স্থানে পরিদর্শনে পাঠানো হয়। তবে কয়েকজন অবৈধ বালু উত্তোলনকারী অভিযানের বিষয়টি টের পেয়ে ছড়ার অপর পাশ দিয়ে পালিয়ে যায়।
পরবর্তীতে সাইটুলা গ্রামের ডিংডিংগিয়া ছড়ায় অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনরত অবস্থায় সিপেন কুর্মী (২৮) ও বিশ্বনাথ কুর্মী (২৬) নামে দুইজনকে হাতেনাতে আটক করা হয়। তারা উভয়েই আশিদ্রোন ইউনিয়নের দক্ষিণ সাইটুলা গ্রামের বাসিন্দা।
আটক দুজনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়। পরে উভয় মামলায় প্রত্যেককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
প্রশাসন জানিয়েছে, অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত মূল হোতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার কার্যক্রম চলমান রয়েছে। গত তিন মাসে অবৈধ বালু উত্তোলনের ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে ৩টি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে, যা বর্তমানে আদালতে বিচারাধীন।
অবৈধ বালু উত্তোলন বন্ধে মোবাইল কোর্ট অভিযান অব্যাহত রাখার পাশাপাশি সংশ্লিষ্ট এলাকাগুলোতে নজরদারি আরও জোরদার করা হচ্ছে। পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় প্রশাসনের এ কার্যক্রমে সচেতন নাগরিকদের সহযোগিতা কামনা করা হয়েছে।