শ্রীমঙ্গলের পশ্চিম আশীদ্রোন মাদ্রাসায় পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল
নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল
পবিত্র মাহে রমজান উপলক্ষে শ্রীমঙ্গলের পশ্চিম আশীদ্রোনস্থ হাজী মোঃ হাবিবুর রহমান ও আয়শা খাতুন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা-এ মাসব্যাপী কেরাত প্রশিক্ষণ কোর্স সফলভাবে সম্পন্ন হয়েছে।

সোমবার (১৭মার্চ) দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের অধীনে আয়োজিত এই কোর্স শেষে মাদ্রাসা প্রাঙ্গণে পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান।
এতে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় ওলামায়ে কেরাম।
পুরস্কার বিতরণী পর্বে কৃতি শিক্ষার্থীদের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হয়। পাশাপাশি অতিথিদের সম্মাননা স্মারক হিসেবে ব্যতিক্রমী উদ্যোগে ইসলামের বরেণ্য আলেমদের জীবনীভিত্তিক মূল্যবান বই উপহার দেওয়া হয়, যা উপস্থিত সকলের প্রশংসা কুড়ায়।

অনুষ্ঠানটি বাস্তবায়নে সার্বিক সৌজন্যে ছিলেন মোঃ আব্দুল আজিজ লিটন। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় এবং উপস্থিত সবার মাঝে ইফতার বিতরণ করা হয়।