ঝলক দত্ত, শ্রীমঙ্গল প্রতিনিধি :
মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল–কমলগঞ্জ) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী প্রীতম দাশের নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন দেশের পরিচিত দুই রাজনৈতিক মুখ নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুর ১২টায় শ্রীমঙ্গলের স্টেশন রোডে আয়োজিত এক নির্বাচনী পথসভা ও পদযাত্রায় তারা এনসিপির প্রতীক শাপলা কলির পক্ষে ভোট প্রার্থনা করেন।
উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের মুখ্য সংগঠক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এছাড়া উপস্থিত ছিলেন এহতেশাম হক, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ), জাতীয় নাগরিক পার্টি, এছাড়া ও শ্রীমঙ্গল কমলগঞ্জের এনসিপির নেতৃবৃন্দ।
পথসভায় বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, জুলাই পরবর্তী সময়ে জবরদখল, চাঁদাবাজি ও ভয়ভীতি প্রদর্শনের রাজনীতির আর কোনো স্থান থাকবে না। তিনি আরও বলেন, নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার মাধ্যমে আইনের শাসন নিশ্চিত করাই এনসিপির মূল লক্ষ্য।
এসময় নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ গণভোটে ‘হ্যাঁ’ ভোট নিশ্চিত করার আহ্বান জানান। তাদের বক্তব্যে বলা হয়, গণভোটে জনগণের সমর্থন পেলে একটি নতুন বাংলাদেশ গঠন ও কাঙ্ক্ষিত রাষ্ট্রীয় সংস্কার বাস্তবায়ন সম্ভব হবে।
বক্তব্যের শেষপর্যায়ে তারা এনসিপি মনোনীত প্রার্থী প্রীতম দাশের হাত তুলে ধরে উপস্থিত জনগণের প্রতি তাকে ভোট দেওয়ার আহ্বান জানান।