নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজারে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে জেলা সদর ও শ্রীমঙ্গল থেকে বিদেশি মদসহ ৪জন যুবক আটক হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই আওলাদ ইবনে জামিল এর নেতৃত্বে ডিবির একটি টিম অভিযান চালিয়ে মৌলভীবাজার সরকারি কলেজের সামনে থেকে প্রসেনজিৎ কুন্ড কর্মকার (২৭) ও রাহুল বিশ্বাস (২৮) নামের দুই যুবককে আটক করা হয়।
এসময় তাদের হেফাজত থেকে ১০ বোতল বিদেশিমদ উদ্ধার করেন ডিবি সদস্যরা।
পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী রাত ১২টার দিকে শ্রীমঙ্গল শহরের পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে নির্মল পাল (২৮) ও রায়হান আহমেদ (২৪) নামের আরও দুই যুবককে আটক করে ডিবি। আটককৃতদের হেফাজত থেকে ৮ বোতল বিদেশি মদ উদ্ধার করেন ডিবি সদস্যরা।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) সুদীপ্ত শেখর ভট্টাচার্য্য জানান, গ্রেপ্তারকৃতরা ভারতীয় সীমান্ত এলাকা থেকে বিদেশি মদ সংগ্রহ করে পরবর্তীতে পরস্পরের সহযোগিতায় বিক্রি করে আসছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।